পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শান্তিচুক্তি হওয়ার পরেও আফগানিস্তানে তালেবান হামলা থামছে না। সোমবার (১৮ মে) আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে এক বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি এবং তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আব্দুল্লাহর মধ্যে যখন ক্ষমতার ভাগাভাগি নিয়ে একটি সমঝোতা হয়েছে ঠিক তার কয়েক ঘন্টা পর এই হামলা হলো।
সোমবার (১৮ মে) সকালের দিকে গজনি প্রদেশের ন্যাশনাল ডাইরেক্টোরেট অফ সিকিউরিটির স্পেশাল ইউনিট ভবনের কাছে একটি গাড়ির ড্রাইভার তার গাড়িতে বিস্ফোরণ ঘটায় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। ধারণা করা হচ্ছে- বোমা হামলায় যারা হতাহত হয়েছে তাদের বেশিরভাগই ন্যাশনাল ডাইরেক্টোরেট অফ সিকিউরিটির কর্মী। কোন ব্যক্তি বা গোষ্ঠি এ হামলার দায়িত্ব এখনো স্বীকার করে নি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তানে সহিংসতা বেড়েছে। গত ফেব্রুয়ারি মাসে আফগান তালেবান মার্কিন সরকারের সঙ্গে একটি চুক্তি করেছে। ওই চুক্তিতে তারা মার্কিন সেনাদের ওপর হামলা চালাবে না বলে ওয়াদা করেছে। এরপর থেকে আফগান নিরাপত্তা বাহিনীর হামলা জোরদার করেছে তালেবান।
গত মঙ্গলবার তিনজন বন্দুকধারী আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি প্রসূতি হাসপাতাল হামলা চালায়। এতে অন্তত ২৪ জন নিহত ও ১৬ জন আহত হয়।


