আবারও আইসিইউতে ফুটবলের কিংবদন্তি পেলে

আবারও আইসিইউতে ফুটবলের কিংবদন্তি পেলে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শারীরিক অবস্থার অবনতি ঘটায় আবারও আইসিইউতে নেওয়া হয়েছে ফুটবলের কিংবদন্তি খেলোয়াড় পেলেকে। শনিবার (১৮ সেপ্টম্বর) খবরটি নিশ্চিত করেছে ইএসপিএন ব্রাজিল।

কিছুদিন আগে টিউমার অপসারণ করা হয়েছিল পেলের। অস্ত্রোপচার সফল হয়েছে বলেও জানানো হয় ব্রাজিলিয়ান মহাতারকার এজেন্টের পক্ষ থেকে। অস্ত্রোপচার শেষে তিনবারের বিশ্বজয়ী কিংবদন্তিকে সাধারণ ওয়ার্ডে নেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটায় ফের আইসিইউতে নেওয়া হয়েছে তাকে।

অবশ্য হাসপাতালের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে প্রচারমাধ্যমটির খবর, অ্যাসিড রিফ্লাক্সের কারণে পেলেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে। এর আগে গেল কয়েক বছরে কয়েকবার আইসিইউতে পাঠানো হয় পেলেকে। প্রতিবারই সুস্থ হয়ে ফিরে এসেছেন তিনি। কার্যত তার শারীরিক পরিস্থিতিতে কোন পর্যায়ে তা জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

বেশ কিছুদিন আগে পেলের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। তখনই তার বৃহদান্তে টিউমার ধরা পড়ে। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে অস্ত্রোপচার করানো হয় তার। গেল মঙ্গলবার আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয় পেলেকে। সেদিনই সোশ্যাল মিডিয়ায় হাস্যোজ্জ্বল একটি ছবি পোস্ট করে পেলে জানান সুস্থ আছেন তিনি। এরপরই এলো তার শারীরিক অবস্থার অবনতির কথা।

উল্লেখ্য, ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতেন পেলে। ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে হ্যাটট্রিক বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন আশি বছর বয়সী পেলে। দেশের হয়ে অবসর নেওয়ার আগে ৯২টি ম্যাচে ৭৭ গোল করেন তিনি। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা চারটি আলাদা বিশ্বকাপে গোল করেছেন। এই কীর্তি আছে আরো তিনজন ফুটবলারের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *