পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সব ধরণের বিপদ-আপদ থেকে রক্ষা পেতে আল্লাহর দিকেই পালিয়ে আসতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, আওলাদে রাসূল, ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর খলীফা, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
তিনি বলেছেন, আমরা গুনাহের সাগরে নিমজ্জিত হয়ে গেছি। আমাদের সকাল শুরু হয় গুনাহের মাধ্যমে, দিন শেষও হয় পাপ কাজের মাধ্যমে। ফলে আমাদের গুনাহের প্রভাব পৃথিবীতে বিভিন্ন বালা-মুসিবত আকারে প্রকাশ পাচ্ছে। দুনিয়ার কেউ আমাদেরকে এইসব আযাব থেকে রক্ষা করতে পারবে না। একমাত্র আল্লাহ তাআলাই সব ধরণের বিপদ-আপদ থেকে রক্ষা করতে পারেন। সুতরাং সব ধরণের বিপদ-আপদ থেকে রক্ষা পেতে আমাদেরকে আল্লাহ তাআলার দিকেই পালিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) গাজীপুরের কাপাসিয়ায় তরুণ আসয়া’দুল উলুম ইসলামিয়া মাদরাসায় বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরী আয়োজিত আত্মশুদ্ধি মূলক ধারাবাহিক ইসলাহী মাহফিলে তিনি এসব কথা বলেন।
মুমিন ইচ্ছাকৃত গুনাহের কাজে লিপ্ত হয় না উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, মুমিন আল্লাহ তাআলাকে ভয় করে, তাই দুনিয়ার জীবনে মুমিন ইচ্ছাকৃত গুনাহের কাজে লিপ্ত হতে পারে না। মুমিন তো কেবল হোচট খেয়েই গুনাহের কাজে লিপ্ত হয়। আর মুমিনের দ্বারা একবার কোনো গুনাহ হয়ে গেলে তার মন ব্যাকুল হয়ে যায়, গুনাহ করার পর সে শান্ত হয়ে বসে থাকতে পারে না। সে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে ক্ষমা প্রার্থনা করে। ভুলবশত ভুলের জন্য অনুতপ্ত হওয়ার পর মুমিনের মন শান্ত হয়। তাই আমাদের দ্বারা কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবো। তাহলে আল্লাহ তাআলা আমাদের সব গুনাহ মাফ করে দেবেন।
জিকিরের গুরুত্ব নিয়ে তিনি বলেন, গুনাহ করতে করতে আমাদের অন্তর কালচে হয়ে গেছে। আমাদের হৃদয়ে মরিচা ধরেছে। দিলের এই মরিচা দূর করতে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। আল্লাহর জিকিরের দ্বারা দিল পবিত্র হয়। বেশি বেশি আল্লাহর নামের জিকির করলে অন্তর চক্ষুও খুলে যায়। আর একবার অন্তর চক্ষু খুলে গেলে আমরা পৃথিবীতে থাকা অবস্থায় জান্নাতের সুঘ্রাণ পেতে পারবো। যেমনটা অনেক সাহাবায়ে কেরাম পেয়েছেন।
আত্মশুদ্ধি মূলক মাহফিলে আরও বয়ান করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা দেলওয়ার হোসাইন সাইফি, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সহসভাপতি মাওলানা ইব্রাহীম শিলস্তানী, মাওলানা মাহফুজুল ইসলাম। বাদ এশা দুরুদ শরীফের আমল পরিচালনা করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর নির্বাহী সভাপতি ও ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন। ছয় তাসবির আমল পরিচালনা করেছেন মাওলানা তামীম ফরীদী।
মাহফিলে আগত মুসল্লীদের মাঝে আগ্রহীরা মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর এই খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ হাতে বায়আত গ্রহণ করেন। বায়আত শেষে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা ও দেশ-জাতি, করোনা মহামারি থেকে মুক্তি এবং মুসলিম উম্মাহের জন্য শান্তি কামনা করেন তিনি।


