আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ব্যক্তি-শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়ানো হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে গতবারের মতো এবারও সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।

মঙ্গলবার (৩০ নভেম্বর) এনবিআর এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান বোর্ডের জনসংযোগ পরিচালক সৈয়দ এম এ মুমেন।

এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে এনবিআর জানায়, আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ১৮৪জি-তে প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে সৃষ্ট অসুবিধার কথা বিবেচনায় নিয়ে ব্যক্তি-শ্রেণির করদাতার ২০২১-২২ কর বছরের রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত বাড়ানো হলো।

এর আগে বিকেল সোয়া ৫টায় অবশ্য এনবিআর জানিয়েছিল, এ বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ছে না। রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বরই থাকছে।

গত কয়েক দিন এনবিআরের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাও গণমাধ্যমে বলেছেন, কোনোভাবেই সময় বাড়ানো হবে না। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সময় বৃদ্ধি করা হবে না জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন। তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে রিটার্ন জমার সময় বাড়ানোর দাবি করা হয়।

আয়কর রিটার্ন জমা দেওয়ার নির্ধারিত সময় মঙ্গলবার (৩০ নভেম্বর) শেষ হওয়ার কথা ছিল। তাই জরিমানা এড়াতে হাজার হাজার আয়করদাতা তাদের রিটার্ন জমা দেন। রাজধানীর সব কর অঞ্চলে করদাতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে। এর আগে ই-আইটিএনধারী করদাতাদের নির্ধারিত সময়ের মধ্যেই রিটার্ন দাখিলের আহ্বান জানান কর বিভাগের সংশ্লিষ্টরা।

এ পর্যন্ত দেশে ৭০ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছেন। প্রতিবছর গড়ে ২৫ লাখ করদাতা রিটার্ন জমা দেন।

করোনাভাইরাস মহামারি বিবেচনায় চলতি বছর আয়কর মেলা না হলেও এনবিআরের আওতাধীন সারাদেশে ৩১টি কর অঞ্চলে মেলার মতো সেবা দেওয়ার সুবিধা রাখা হয়। প্রতিটি কর অঞ্চলে জোনভিত্তিক বুথ, ই-টিআইএন ও তথ্যসেবা বুথ খোলা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *