পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইথিওপিয়ায় অজ্ঞাত বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে ২০ জন মুসল্লি নিহত হয়েছে। দেশটির আমহারা অঞ্চলে ঘটেছে এই ঘটনা। ওই অঞ্চলের একজন ইসলামিক নেতা এই তথ্য জানিয়েছেন।
আমহারা ইসলামিক অ্যাফেয়ার্স সুপ্রিম কাউন্সিলের সভাপতি সাইদ মুহাম্মদ বুধবার (২৭ এপ্রিল) রয়টার্সকে বলেন, ‘মঙ্গলবার ঘটেছে এই ঘটনা যখন মুসলিমরা একজনকে দাফন করার জন্য নিয়ে যান।’
সাইদ আরও বলেন, ‘অস্ত্রধারী ব্যক্তিরা গন্দার শহরে মুসলিমদের ভিড়ে একটি বিস্ফোরক বস্তু ছুড়ে দেয়। এতে তিন জন নিহত হয়। আহত হয়েছে পাঁচজন। পরবর্তী সংঘর্ষে অন্যরা নিহত হন।’
মুসলিম এই নেতা বলেন, ‘দোকানে লুটপাটের ঘটনা ঘটেছে এবং তিনটি মসজিদে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। এতে এক মসজিদ অল্প ক্ষতিগ্রস্থ হয়েছে। মসজিদের মাদুরে আগুন লেগে যায়।’
আমহারা আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র গিজাচেউ মুলুনেহ বলেন, এই ঘটনার তদন্ত চলছে এবং তিনি এর হালনাগাদ পরবর্তীতে জানাবেন।
এর আগে ২০১৯ সালে এই অঞ্চলের মোট্টা শহরের ৪ মসজিদ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে গ্রেফতার করা হয়।


