ইভ্যালির ২০ কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

ইভ্যালির ২০ কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এবার দেশের ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনসহ ইভ্যালির ২০ কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় আরও একটি মামলা দায়ের হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে মো. কামরুল ইসলাম চকদার নামে এক ব্যবসায়ী বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেছেন, ইভ্যালির ধানমন্ডি কার্যালয়ে তিনি ৩৫ লাখ টাকা মূল্যের পণ্য সরবরাহ করেছেন। কিন্তু ইভ্যালি তার পাওনা টাকা পরিশোধ করেনি।

গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) অমৃতা জানান, ৪২০, ৪০৬, ৫০৬ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। কামরুল ইসলাম নামে এক ব্যবসায়ী বাদী হয়ে এই তিন ধারায় অভিযোগ তুলে মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, এর আগে ১৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় একটি মামলা হয়। আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর ওইদিন বিকেলেই রাসেলকে আটক করে র‍্যাব সদর দপ্তরে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের গুলশান থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) ৩ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *