পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার (১১ এপ্রিল) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫৮ জনের মৃত্যু হয়েছে। গত বছরের ডিসেম্বরের পর এটিই দেশটিতে একদিনে সবচেয়ে বেশি সংখ্যক করোনা রোগীর মৃত্যুর ঘটনা।
এর ফলে ইরানে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৬৪ হাজার ৪৯০তে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ইরান।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ হাজার ৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট শনাক্তের সংখ্যা এখন ২০ লাখ ৭০ হাজার ১৪১ জন।
লারি বলেন, ‘দুঃখজনকভাবে গত ২৪ ঘণ্টায় ২৫৮ জন মানুষ এই ভাইরাসে মারা গেছেন।’ ডিসেম্বরের ১০ তারিখের পর এটিই ইরানে একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা বলেও উল্লেখ করেন তিনি।
করোনাভাইরাসের চতুর্থ ঢেউ রুখতে শনিবার (১০ এপ্রিল) ইরানের প্রায় সকল অঞ্চলে ১০ দিনের জন্য লকডাউন জারি করা হয়। দেশটির ৩১টি প্রদেশের মধ্যে ২৩টিতে এই লকডাউন আরোপ করা হয়েছে।


