পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ মধ্যরাতে উত্তর ইসরায়েলের দুটি শহরে মধ্যরাতে রকেট হামলা চালিয়েছে। গোষ্ঠীটির দাবি, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলার জবাব হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে।
হিজবুল্লাহর এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় রোববার রাত ১টা ২০ মিনিটে কিরিয়াত শমোনা শহরে এবং রাত ২টা ৪৫ মিনিটে ডোভিভ বসতিতে রকেট ব্যারেজ ছোড়া হয়।
এর আগে গত ২৪ ঘণ্টায় উত্তর ইসরায়েল ও দক্ষিণ লেবাননের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মোট ৪৩টি হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। এসব হামলার লক্ষ্য ছিল ইসরায়েলি সামরিক অবস্থান, বসতি, ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো।
বিবৃতিতে হিজবুল্লাহ আরও জানায়, “ইসরায়েলি-মার্কিন আগ্রাসন অব্যাহত থাকা পর্যন্ত আমাদের প্রতিক্রিয়াও চলবে।” তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েলি সেনাবাহিনী।
সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে হিজবুল্লাহর এই পাল্টা আক্রমণ দুই দেশের সীমান্তে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও, উভয় পক্ষই বারবার তা লঙ্ঘনের অভিযোগ করে আসছে। এই পরিস্থিতিতে সীমান্ত অঞ্চলে যেকোনো সময় বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।


