ইসলামবিরোধিতার কারণে কানাইঘাটে আজহারীকে প্রতিরোধের ডাক

ইসলামবিরোধিতার কারণে কানাইঘাটে আজহারীকে প্রতিরোধের ডাক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিলেটের কানাইঘাটে দেশের আলোচিত বক্তা মিজানুর রহমান আজহারীর একটি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। মাহফিলের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছেন উপজেলার আলিয়া ও কওমিপন্থী আলেম-ওলামা এবং আওয়ামী লীগ নেতারা।

জানা গেছে, আগামী ২০ জানুয়ারি কানাইঘাটের মুকিগঞ্জ বাজার জামেয়া মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে আসার কথা রয়েছে মাওলানা মিজানুর রহমান আজহারীর। ওই মাহফিলের আয়োজন করেছে মুকিগঞ্জ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। এ সংগঠনটি আলিয়া মাদরাসাপন্থী যুবক ও শিক্ষার্থীদের।

এদিকে আজহারীকে ওইদিন কানাইঘাটে আসতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন কানাইঘাট দারুল উলুম কওমি মাদরাসার অনুসারী আলেম-ওলামা, ছাত্র ও আওয়ামী লীগ নেতারা।

তারা মিজানুর রহমান আজহারীকে ইসলামবিরোধী বক্তব্য প্রদানকারী আখ্যা দিয়ে কানাইঘাটে তাকে প্রতিরোধ করতে মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে কানাইঘাট দারুল উলুম কওমি মাদরাসায় সভা অনুষ্ঠিত হয়।

মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মীপুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শায়খুল হাদিস আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি জামাল উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, পৌর আওয়ামী লীগের সভাপতি কে এইচ আব্দুল্লাহ, আল্লামা শামসুদ্দীন দুর্লভপুরী, মাওলানা গোলাম ওয়াহিদ, মাওলানা আজমত উল্লাহ, মাওলানা ক্বারী হারুনুর রশীদ চতুলীসহ আরও অনেকে।

এ বিষয়ে বুধবার (১৫ জানুয়ারি) কানাইঘাট দারুল উলুম কওমি মাদরাসা শিক্ষক ক্বারি হারুনুর রশীদ চতুলী জানান, সভার সিদ্ধান্ত অনুযায়ী ইসলামবিরোধী বক্তব্য প্রদানকারী মিজানুর রহমান আজহারীকে মাওলানা মুশাহিদ বায়মপুরী (রহ.) পূণ্যস্মৃতি বিজড়িত কানাইঘাট উপজেলার মুকিগঞ্জে আসতে দেয়া হবে না। কানাইঘাটের সর্বস্তরের তৌহিদি জনতাকে সঙ্গে নিয়ে আজহারীকে প্রতিরোধ করতে প্রয়োজনে মুকিগঞ্জের উদ্দেশ্যে লংমার্চের ডাক দেয়া হবে।

কানাইঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা জানান, বিষয়টি নিয়ে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। বিষয়টি পুলিশ পর্যবেক্ষণ করছে বলেও তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *