পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসরাইলে বেনিয়ামিন নেতানিয়াহুকে সরিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন নাফতালি বেনেট। নেতানিয়াহুর সরকার উগ্রপন্থি ইহুদিদের পতাকা মিছিলের অনুমতি দিয়েছিল।
এবার নতুন সরকারের পক্ষ থেকেও উগ্রপন্থি ইহুদিরা পতাকা মিছিল করার সবুজ সংকেত পেল। পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কার মধ্যেই সোমবার নতুন সরকার মিছিলের জন্য সবুজ সংকেত দিয়েছে।
খবরে বলা হয়, অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী ওমর বার-লেভের অফিস থেকে জানানো হয়, পুলিশ প্রস্তুত রয়েছে। আমরা সহাবস্থান নিশ্চিতে যা করা দরকার তা করব।
উগ্র ডানপন্থি এবং অবৈধ বসতি স্থাপনের সমর্থকদের মঙ্গলবার জেরুজালেমের ওল্ড সিটিতে মিছিলের অনুমতি দিয়েছিল নেতানিয়াহুর সরকার। এর আগে হামাসের হুমকির কারণে নিরাপত্তার অজুহাতে এ মিছিল বাতিলও করা হয়েছিল।


