পাথেয় টোয়েন্টিফোর ডটকম : উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নতুন সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম, এমন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে যাচ্ছে উত্তর কোরিয়া।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সিনেট প্যানেলকে দেয়া এক লিখিত বক্তব্যে পেন্টাগনের মহাদেশীয় প্রতিরক্ষা বিভাগের কমান্ডার গ্রেগরি গিলট এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘কিম জং-উন এমন শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের পথে রয়েছে, সম্ভবত উত্তর আমেরিকা জুড়ে লক্ষ্যবস্তুতে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে পারে।’
গত বছরের অক্টোবরে উত্তর কোরিয়া প্রথমবারের মতো হোয়াসং নাইন্টিন নামে একটি কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। বিশ্লেষকদের মতে, এ ক্ষেপণাস্ত্র আরও উচ্চতায় দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে সক্ষম। কঠিন জ্বালানি ব্যবহারের কারণে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতির সময় কমে আসে। এতে হামলা আগে থেকে শনাক্ত করা আরও কঠিন করে তুলেছে।
কিম জং উনের নেতৃত্বে উত্তর কোরিয়া পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণ অব্যাহত রেখেছে। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্য দিয়ে শুরু হওয়া এক কর্মসূচি নিয়ে একাধিক বৈঠক হলেও কোনো সমাধান আসেনি।
২০১৯ সালের বৈঠকেও পারমাণবিক অস্ত্র পরিত্যাগের শর্তে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা ভেস্তে যায়। ২০২২ সালে কিম সরকার স্পষ্ট জানায় তারা, পারমাণবিক অস্ত্র তৈরি অব্যাহত রাখবেন।
উত্তর কোরিয়ার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির পদক্ষেপের কারণে এ অঞ্চলে নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র এরইমধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিয়েছে। তবে, বিশেষজ্ঞদের মতে, পিয়ংইয়ংয়ের এই সামরিক অগ্রগতি ভবিষ্যতে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।


