সিরাজগঞ্জ প্রতিনিধি : আদালত ভবনের অভ্যন্তরের পানি ওঠায় ভবনের সামনে রাস্তায় চলছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আমলী আদালতের বিচারিক কার্যক্রম। রোববার বিকালে আদালতের সামনের রাস্তার উপর খোলা জায়গায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হাসিবুল হক আদালতের কার্যক্রম পরিচালনা করেন বলে উপজেলা আইনজীবী সমিতির সভাপতি মনোয়ার হোসেন জানান। সরেজমিনে দেখা যায়, বন্যার পানি বৃহস্পতিবার বিকালে আদালতে প্রবেশ করে।
বর্তমানে আদালত ভবনের অভ্যন্তরে পুলিশ ব্যারাক, এজলাস, মালখানাসহ সব কক্ষে হাঁটু পানি রয়েছে। জরুরি কাগজপত্র ভবনের মধ্যে আসবাবপত্রের উপরে রেখে দেওয়া হয়েছে। বিচারক, আদালতে কর্মচারী, আইনজীবী ও আইনজীবী সহকারীদের কলার ভেলায় করে আদালতে যাতায়াত করতে হচ্ছে। মনোয়ার হোসেন বলেন, একজন জজ ও একজন ম্যাজিস্ট্রেট দিয়ে উপজেলা আমলী আদালতটি পরিচালিত হয়। বিচার প্রার্থীদের কথা বিবেচনায় কিছু সমস্যা থাকলেও খোলা আকাশের নিচে রাস্তা উপরেই আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে।


