এনবিআরকে ভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনী পাস

এনবিআরকে ভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনী পাস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুই ভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনী উপদেষ্টা পরিষদে পাস হয়েছে।

গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়ে বলেন, এনবিআরের দু’টি নতুন ইউনিটের প্রধান বাছাই করা হবে যোগ্যতা, অভিজ্ঞতা ও ন্যায্যতার ভিত্তিতে। প্রয়োজন হলে যেকোনো ক্যাডার থেকেই নিয়োগ দেয়া হবে। এটি আজকের বৈঠকে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত।

লিখিত বক্তব্যে প্রেস সচিব আরো জানান, সরকারের রাজস্ব আহরণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে রাজস্বনীতি প্রণয়ন ও রাজস্ব আহরণ ব্যবস্থাপনাকে আলাদা করতে গত ১২ মে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থা অধ্যাদেশ ২০২৫’ জারি করা হয়। অধ্যাদেশ জারির পর এর কয়েকটি ধারা নিয়ে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে আলোচনা হয়। ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম আরো গতিশীল করতে গত ২৯ জুন উপদেষ্টা পরিষদ একটি কমিটি গঠন করে। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা, এনবিআর সদস্য, বিসিএস ট্যাক্সেশন ও কাস্টমস ক্যাডার প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং সংস্কারসংক্রান্ত পরামর্শ কমিটির সদস্যরা অন্তর্ভুক্ত ছিলেন।

উপদেষ্টা পরিষদ গঠিত কমিটি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, বিসিএস ট্যাক্সেশন, এক্সাইজ অ্যান্ড ভ্যাট ও শুল্ক ক্যাডার অ্যাসোসিয়েশন, জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার সংক্রান্ত পরামর্শ কমিটির সদস্য এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন এবং কয়েকটি আয়কর কাস্টমস ও ভ্যাট অফিস পরিদর্শন করেন। মতবিনিময় শেষে রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫ এর কতিপয়ধারা সংশোধন ও সংযোজনের বিষয়ে উপদেষ্টা পরিষদ কমিটি কর্তৃক সুপারিশ করা হয়। প্রাপ্ত সুপারিশগুলো বিবেচনায় নিয়ে অর্থ উপদেষ্টার নির্দেশের আলোকে অধ্যাদেশ সংশোধনীর চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয়।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।

সাগর-রুনির ছেলের হাতে প্লটের দলিল হস্তান্তর : আততায়ীর হাতে নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সরওয়ার মেঘের কাছে পূর্বাচলে তিন কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই দলিল তুলে দেয়া হয়।

সাংবাদিক সাগর সরওয়ার এই প্লটটি ২০০৪ সালে আবেদন করে ২০০৫ সালে বরাদ্দ পান। পরবর্তীতে ২০০৯ সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করার পরও বিগত আওয়ামী লীগ সরকার সাগর সরওয়ারের পরিবারকে এই প্লটটি বুঝিয়ে দেয়নি। উত্তরাধিকার সূত্রে এই প্লটের বর্তমান মালিক সাগর সরওয়ারের মা সালেহা মনির এবং মাহির সরওয়ার মেঘ। প্লটের দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, ‘তদন্তে এ ধরনের দীর্ঘসূত্রতা মানুষের মধ্য বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে, আইনি ব্যবস্থা সম্পর্কে মানুষ হতাশ হয়ে পড়ে।’ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচিত এই হত্যা মামলায় দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেন তিনি।

বৈঠকে উপস্থিত গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, তদন্তের দীর্ঘসূত্রতার সুযোগে বহু আলামত নষ্ট করে ফেলা হয়েছে বলে জানতে পেরেছে বর্তমান তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় মেঘ তার নিজের ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ প্রধান উপদেষ্টাকে উপহার দেন।

দলিল হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, ফরিদা আখতার ও সৈয়দা রিজওয়ানা হাসান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: রিয়াজুল ইসলাম এবং মেহেরুন রুনির ভাই নওয়াজেশ আলম রোমান উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস

Related Articles