এবার হাড় কাঁপিয়ে আসছে ভয়াবহ শীত

এবার হাড় কাঁপিয়ে আসছে ভয়াবহ শীত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শরতের বিদায়ে আকাশটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। সাদা মেঘের ভেলা যেখানে ক্রমাগত ভেসে বেড়াচ্ছিল তাই কেমন নেই নেই। মেঘপুঞ্জরা কিভাবে ছুটে আসতো এই সময়টাতে! তাই ছিলো দেখবার। ক্রমেই তা হারিয়ে গেছে আকাশের পাড়া থেকে। সাদা মেঘের ভেলা ভাসিয়ে শরত বিদায় নিয়েছে সদ্যই। ভোর আর সন্ধ্যায় হেমন্তের শিশির বিন্দুতে সাদা কাশফুলের রঙও এখন বিবর্ণ হয়ে আসছে। চারপাশ কেমন খসখসে।

উত্তরে বাতাসের শিরশিরে অনুভব। হালকা শীতের আমেজ। হাওয়ায় কমছে জলীয় বাস্প আর বাড়ছে আর্দ্রতা। শীত নামতে শুরু করেছে। রাজধানীসহ সারা দেশে গুটি গুটি পায়ে আসতে শুরু করেছে শীতকাল। গ্রামীণ জনপদে এখন বেশ ভালোই হিম হিম আমেজ। কুয়াশার চাদরে ঢেকে থাকে ভোর। এই এতটুকু দূরেই দেখা যায় না একদম। ভেজা আদ্রতায় ভরা থাকে চারপাশ। দুর্বাঘাসে জমা বিন্দু বিন্দু জল পায়ে লাগতেই যেন শীত লাগে। একটু হালকা মোটা কাপড় গায়ে জড়িয়ে বের হলেই আরামবোধ হয় বেশি। এই আবহাওয়া যেন শীতের প্রথম আগমন বার্তা।

শেষ রাতে গায়ে কাঁথা চাপাতে হচ্ছে। এবার খানিকটা আগেই শীত এসেছে উত্তরের জনপদে। সন্ধ্যার পরপরই কুয়াশা আর হিমেল হাওয়ায় বন্দী হয়ে যাচ্ছে উত্তরাঞ্চলের বিস্তীর্ণ জনপদ। তাপমাত্রা কমছে সারাদেশেই। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা বলছেন, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কাছাকাছি আসা এবং সন্ধ্যায় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে গত কয়েক বছরের তুলনায় এবার দুই মাস আগেই উত্তরাঞ্চলে শীত এসে গেছে। আবহাওয়া বিশেষজ্ঞরা পূর্বাভাস দিয়ে বলছেন, চলমান আবহাওয়ায় পরিবর্তন না এলে এবার শীতের তীব্রতা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। ভয়াবহ শীত পড়বে দেশে। গত বছরের ৮ জানুয়ারি ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল তাপমাত্রা। এবার তা ছাড়িয়ে যেতে পারে। জলবায়ুর পরিবর্তনের প্রভাবে খেয়ালি হয়ে উঠেছে প্রকৃতি। এই অবস্থা বিপদজনক। ইন্টারন্যাশনাল রাইস রিসোর্স ইনস্টিটিউট-ইরি বাংলাদেশের কনসালট্যান্ট ড. এমজি নিয়োগী জানান,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে এবার আড়াই মাস আগেই শীত এসেছে উত্তরাঞ্চলে। শীতের তীব্রতা বাড়বে বহুগুণ। পরিস্থিতি ভয়াবহ রূপ নিতেও পারে।

আবহাওয়াবিদ মোহাম্মদ আলী জানান, এবার আবহাওয়ার মতিগতি ভালো নয়। বেশিমাত্রায় খেয়ালী। ষড়ঋতু আর কোন অনুশাসন মেনে চলছে না। এবার আশ্বিন মাসের শেষ সপ্তাহ থেকেই উত্তরাঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কাছাকাছি আসা শুরু করে। ফলে শীত ও কুয়াশাও পড়া শুরু হয়েছে আগে থেকেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমাগত কমার কারণে শীত অনুভবের পাশাপাশি আগাম কুয়াশা পড়াও শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *