পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কওমী মাদরাসার শিক্ষাব্যবস্থার সিলেবাস সংস্কারের আওয়াজ প্রায় মানুষের মুখেই এখন ধ্বনিত হয়। বিশেষ করে তরুণ ও নবীন আলেমদের মুখে কওমী সিলেবাস নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। কেউ কেউ বলছেন, কওমী মাদরাসার পুরাতন সিলেবাসে নতুন কিছু সংযোজন করার প্রয়োজন আছে, তবে তা এমনভাবে যেনো ছাত্রের ইলমী যোগ্যতা নষ্ট না হয়। তবে তারা এটা চান না যে, সম্পূর্ণ নতুন কোন সিলেবাস বা পাঠ্যক্রমের প্রবর্তন ঘটুক।
স্বয়ং দারুল উলূম দেওবন্দে যখন হরহামেশাই পাঠ্যসূচিতে পরিবর্তন আনছে, তখন আমাদের সেই আদ্দিকালের সিলেবাস অনুসরণ কতটা যৌক্তিক?
এসব প্রশ্নের উত্তর খুঁজতে জাতীয় ও আন্তর্জাতিক আলেমদের সমন্বয়ে ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংলগ্ন বিএম মিলনায়তনে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সেমিনার।
আয়োজক কমিটির সঙ্গে কথা বলে জানা যায়, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে এবং ফুযালায়ে দারুল উলুম দেওবন্দে’র ব্যবস্থাপনায় এ সেমিনার হতে যাচ্ছে।
সেমিনার আট জন বিদেশী মেহমানসহ দাওয়াত করা হয়েছে বাংলাদেশের কওমি মাদরাসা ভিত্তিক ছয় শিক্ষা বোর্ডের মহাসচিব ও শীর্ষ আলেমদের৷ বিদেশী মেহমানদের মধ্যে রয়েছেন, দারুল উলূম দেওবন্দের সিনিয়ার মুহাদ্দিস মাওলানা হাবিবুর রহমান আজমী, দারুল উলূম দেওবন্দের নায়েবে মুহতামিম মাওলানা আবদুল খালেক সাম্ভালি, দারুল উলূম দেওবন্দের মুহাদ্দিস আমিন পালনপুরি, দারুল উলূম দেওবন্দের শিক্ষক মাওলানা মুজিবুল্লাহ কাসেমী, দারুল উলূম দেওবন্দের শিক্ষক মাওলানা মুনির উদ্দিন নকশাবন্দী, দারুল উলূম দেওবন্দের মাওলানা রাশেদ আজমী।
এছাড়া নদওয়া থেকে আসছেন মাওলানা নিয়াজ আহমদ নদভী, আল আযহার থেকে ডক্টর আবু ইয়া’লা আহমদ সিদকি আবদুল মুনইম, ওমান থেকে খালেদ বিন মুহাম্মদ সালেম আল আবদালী, দক্ষিণ আফ্রিকা থেকে মাওলানা আমজাদ হুসাইন কাসেমী।
বাংলাদেশের আলেমদের মধ্যে আল হাইআতুল উলইয়া এর কো-চেয়ারম্যান শায়খুল হাদিস মাওলানা আশরাফ আলী, বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ-এর মহাসচিব মুফতি মুহাম্মদ আলী, বেফাকুল আরাবিয়ার মহাসচিব শায়খুল হাদিস মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা আবদু হালিম বোখারি, মাওলানা মিযানুর রহামান সাঈদ, মুফতি শামসুদ্দিন জিয়া, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের নির্বাহি সভাপতি, মুফতি সৈয়দ মুহাম্মদ নুরুল করিম কাসেমির সভাপতিত্বে ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯টা থেকে সেমিনার শুরু হওয়ার কথা রয়েছে৷
কুরআন শিক্ষাবোর্ডের নাজেমে ইমতিহান মুফতি হেদায়াতুল্লাহ জানান, মঙ্গলবারের সেমিনারের সব কাজ ইতোমধ্যেই আমরা সম্পন্ন করেছি। দাওয়াতি মেহমানগণ আশা করি আসবেন। আমরা চিন্তক আলেমে দীন গবেষকদের এ সেমিনারে অংশ নিতে আমন্ত্রণ জানাচ্ছি।


