পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রায় ১০০ জন যাত্রী নিয়ে করাচির কাছে ভেঙে পড়ল পাকিস্তান আন্তর্জাতিক বিমান সংস্থার একটি বিমান। শুক্রবার (২২ মে) সকালে ৯১ জন যাত্রী ও ৮ জন বিমানকর্মীকে নিয়ে করাচি বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে এ-৩২০ বিমানটি। লোকালয়ে বিমানটি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। তবে হতাহতের সংখ্যা ঠিক কত, তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি।
সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার যে ভিডিয়ো সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, জনবহুল এলাকার মধ্যে বিমানের ধ্বংসাবশেষ থেকে দাউদাউ করে আগুন জ্বলছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চার পাশ। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন বহু মানুষ।
পাক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে লাহৌর থেকে রওনা দিয়েছিল বিমানটি। উড়ানের কিছু ক্ষণ পরই করাচি বিমানবন্দর সংলগ্ন মালির মডেল কলোনির কাছে জিনা গার্ডেন এলাকার কাছে লোকালয়ে ভেঙে পড়ে সেটি। তাতে আশেপাশের বেশ কয়েকটি বাড়িতেও আগুন ধরে যায়।
দুর্ঘটনার খবর পেয়েই বেশ কিছু অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে পৌঁছেছেন উদ্ধারকর্মীরাও। পাক ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের তরফে জানানো হয়েছে, পাক সেনার কুইক রেসপন্স ফোর্স ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। করাচির সমস্ত হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করেছে সে দেশের স্বাস্থ্য ও জনকল্যাণ মন্ত্রক।


