করোনার ধাক্কায় পেছাল আইপিএল

করোনার ধাক্কায় পেছাল আইপিএল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী রূপ ধারণ করেছে করোনাভাইরাস। যার ধাক্কা লেগেছে বিশ্ব ক্রিকেটে। এরই মধ্যে বদলে গেছে ক্রিকেটের অনেক সূচি। বাতিলও হয়েছে কিছু ম্যাচ। এর মাঝেই আলোচনা চলছিলো যথাসময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর ব্যাপারে।

কিন্তু করোনা পরিস্থিতির সামগ্রিক দিক বিবেচনা করে পিছিয়ে নেয়া হয়েছে আইপিএলের ১৩তম আসর। পূর্ব নির্ধারিত সূচিতে ২৯ মার্চ থেকে এবারের আসর শুরুর কথা ছিলো।

কিন্তু সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। নতুন সূচিতে প্রায় আড়াই সপ্তাহ (১৭ দিন) পিছিয়ে ১৫ এপ্রিল থেকে শুরু হবে আইপিএলের এবারের আসর।

জানা গিয়েছিল, আইপিএলের এবারের আসরের ভবিষ্যৎ নির্ধারণ করতে শনিবার ( ১৪ মার্চ) জরুরি বৈঠকে বসবে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল। ফলে সবার অপেক্ষা ছিলো, শনিবারের বৈঠকের।

তবে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিন ক্রিকইনফো জানাচ্ছে, সেই বৈঠক হয়ে গেছে (শুক্রবার) আজই। যেখানে গভর্নিং ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং সেক্রেটারি জয় শাহ। তাদের বৈঠকে আলোচনা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া নির্দেশনা নিয়েও।

পরে সবকিছু বিবেচনা করেই আইপিএলের এবারের আসর ১৭ দিন পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সিদ্ধান্ত জানিয়ে অংশগ্রহণকারী ৮ দলকে চিঠি দেয়া হয়েছে আজ। শনিবার এ বিষয়ে বিস্তারিত বর্ণনা করা হবে বলে জানাচ্ছে আইপিএল গভর্নিং কাউন্সিল।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা দাম্মু রবি জানিয়েছিলেন, আয়োজকরা চাইলে যথাসময়েই আইপিএল শুরু করতে পারেন। এক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা দেবে না ভারত সরকার। তার এমন কথায় আশা জেগেছিল, নির্ধারিত সময়েই আইপিএল শুরুর।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বার্তা দেয়া হলেও, সমস্যা রয়েছে অন্য জায়গায়। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ভিসা বাতিল করে দিয়েছে ভারত। যার ফলে আইপিএল খেলার জন্য বিদেশি ক্রিকেটারদের ভারত ভ্রমণ পড়ে গিয়েছিল সংশয়ে। ধারণা করা হচ্ছে, এ কারণেই মূলত পিছিয়ে নেয়া হয়েছে আইপিএল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *