কাবুল বিমানবন্দরে আবারও বোমা হামলার আশংকা

কাবুল বিমানবন্দরে আবারও বোমা হামলার আশংকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই আরেকটি হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সামরিক কমান্ডাররা তাকে জানিয়েছেন, আগামী ২৪ – ৩৬ ঘন্টার ভেতর এই হামলা হতে পারে।

বাইডেন একথা বলার কয়েক ঘণ্টা পর ‘সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকি’ থাকায় মার্কিন নাগরিকদের বিমানবন্দর এলাকা এড়িয়ে চলার জন্য সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।

এর আগে গত বৃহস্পতিবার বিমানবন্দরের কাছে একটি আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ অন্তত ১৭০ জনের মৃত্যু হয়। জঙ্গিগোষ্ঠী আইএসের আঞ্চলিক শাখা ইসলামিক স্টেট ইন খোরাসান (আইএস-কে) ওই হামলার দায় স্বীকার করেছে। পাল্টা জবাব হিসাবে শুক্রবারে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় এলাকায় ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে শীর্ষস্থানীয় দুই জন আইএস-কে নেতাকে হত্যা করা হয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে কাবুল বিমানবন্দর থেকে সেনাদের সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে সেখানে পাঁচ হাজার ৮০০ মার্কিন সেনা থাকলেও এখন রয়েছে মাত্র চার হাজার সেনাসদস্য।

আমেরিকা-তালেবান শান্তিচুক্তির নির্ধারিত চূড়ান্ত সময়সীমা, মঙ্গলবারের (৩১ অগাস্ট) মধ্যে তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান থেকে অবশিষ্ট মার্কিন নাগরিক ও আফগানদের সরিয়ে আনার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের মিত্র অন্যান্য দেশও এই সময়সীমার মধ্যে আফগানিস্তান থেকে তাদের বাহিনী সরিয়ে নিচ্ছে। ফ্রান্স তাদের কার্যক্রম শুক্রবারই শেষ করেছে। যুক্তরাজ্য শনিবারের মধ্যে তাদের সব নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া সম্পন্ন করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *