কাশ্মীরে জরুরি অবস্থা না তুললে আলোচনায় বসবে না ইমরান খান
পাথেয় টোয়েন্টিফের ডটকম : ইস্যু ভারতের হলেও সরব পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে জরুরি অবস্থা প্রত্যাহার না করলে কোনো আলোচনা নয়।
বুধবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান পাক প্রধানমন্ত্রী।
ইমরান বলেন, কাশ্মীর থেকে জরুরি অবস্থা তোলা না হলে ভারতের সঙ্গে আলোচনার প্রশ্নই আসে না। খবর আনন্দবাজার পত্রিকার।
এদিকে দুই দেশের মধ্যে আলোচনায় বসার জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে।
গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ তুলে নিয়ে রাজ্যকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে ভারত সরকার। এরপর রাজ্যটিতে জারি করা হয় জরুরি অবস্থা। শুরু থেকেই এই পদক্ষেপের বিরোধিতা করে আসছে পাকিস্তান।
জাতিসংঘে তারা এ ব্যাপারে জানানোর পর এ নিয়ে রুদ্ধদ্বার বৈঠক হয়। তবে ভারত বরাবরই বলে এসেছে, এটি একান্তই তাদের অভ্যন্তরীণ বিষয়।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে ইমরান খান বলেন, একমাত্র কাপুরুষের পক্ষেই মানুষের ওপর এ রকম নিষ্ঠুরতা চালানো সম্ভব। অধিকৃত কাশ্মীরের জনগণের ওপর আজ ৯ লাখ সেনা নৃশংসতা চালাচ্ছে। একজন নির্ভীক পুরুষ কখনো এ কাজ করতে পারে না। যত অন্যায়ই আপনারা করুন, আপনারা কখনো সফল হতে পারবেন না। কারণ কাশ্মীরের জনগণ, হোক সে নারী, শিশু বা বৃদ্ধ, কেউ আর মৃত্যুকে ভয় পায় না।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরো বলেন, কাশ্মীরের ওপর নজর রয়েছে সকলেরই। ধর্মীয় মেরুকরণ মানুষকে মৌলবাদের দিকে ঠেলে দেয়। মানুষকে প্রতিহিংসার পথে ঠেলে দিচ্ছেন মোদি। আমাদের ধর্ম শান্তির পক্ষে।


