কুমিল্লায় জন্ম নেয়া একজন বটবৃক্ষ আশরাফ আলী রহ. : স্মরণ সভায় বক্তাগণ
পাথেয় টেয়েন্টিফোর ডটকম :: আল্লামা আশরাফ আলী রহ. কুমিল্লায় জন্ম নেয়া বটবৃক্ষতুল্য একজন জাতীয় মানের আলেমেদ্বীন ছিলেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা জেলা আহলে সুন্নত ওয়াল জামাত ইমাম পরিষদ আয়োজিত সেমিনারের বক্তাগণ। তারা বলেন, মরহুম শাইখুল হাদীস রহ. ছিলেন অতুলনীয় ব্যক্তিত্ব। যার ব্যক্তিত্ব ছিল মহীরুহের ন্যায়। দেশ ও জাতীর কল্যাণে তিনি ছিলেন নিবেদিত প্রাণ একজন মরদে মুজাহিদ।
০৬ ফেব্রুয়ারি ২০ ইং বৃহস্পতিবার বেলা ৩টায় কুমিল্লা টাউন হল মিলনায়তনে আল্লামা আশরাফ আলী রহ. এর কর্মময় ও বর্ণাঢ্য জীবনের ওপর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে কুমিল্লার শীর্ষস্থানীয় আলেম গণ এসব কথা বলেন।
তারা বলেন, কওমী সনদের স্বীকৃতির নেপথ্য কারিগর ছিলেন আশরাফ আলী রহ.।তাঁর অক্লান্ত পরিশ্রমে এ দেশে কওমী উলামারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আকাবিরে দেওবন্দ এর ইতিহাসকে সমৃদ্ধ করেছে। তিনি যেমনি ছিলেন মানুষ গড়ার কারিগর, তেমনি সুন্নতে নববীর পাবন্দ, খওফে ইলাহীর তাড়নায় প্রকম্পিত একজন বান্দা। “ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামার” বাস্তব নমুনা।
তিনি অনেক রিজালুল্লাহ যেমন তৈরী করেছেন, তেমনি দেশকে রাহনুমায়ী করার মত অসংখ্য নায়েবে নবীও তৈরী করেছেন। তাঁর ছাত্রদের মতো এত বেশী যোগ্য ছাত্র এ দেশে আর কোন আলেমেদ্বীন এর নেই। খুবই উঁচু মানের বোখারীর দরস তিনি দিতেন। যার ফলশ্রুতিতে এ দেশের অনেকগুলো প্রথম শ্রেণির দাওরায়ে হাদীস মাদরাসায় শাইখে বোখারীর দায়িত্ব তিনি সুনামের সাথে পালন করেছেন।
বক্তারা বলেন, তিনি চলাফেরা করতেন একজন সাধারণ আলেমে দ্বীন এর মতো। কোন প্রকার লৌকিকতা পছন্দ করতেন না। প্রক্তন ছাত্র ও সন্তানতুল্য অনেককেই তিনি মূল্যায়ন করতেন। সাথে নিয়ে চলতেন। বলতেন,”লইয়্যা চলা কঠিন, একলা চলা সহজ”।তিনি সবাইকে সাথে নিয়ে চলতে পছন্দ করতেন।কাউকেই অবহেলা ও অমর্যাদা করতেন না। কারো সাথে সাক্ষাত হলে মিষ্টি হাসি দিয়ে কুশল বিনিময় করে অভিবাদন জানাতেন। আন্তরিকতার সাথে আপ্যায়নের ব্যবস্থা করতেন। জীবনযাত্রায় কখনো দেশবরেণ্য একজন আলেমে দ্বীনের ভাব থাকতো না।
মরহুম হযরতের জীবন এ দেশে প্রতিটি তালিবে ইলমের জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব হিসাবে কওমী অঙ্গনের ছাত্র-শিক্ষকরা জীবন চলার ‘পাথেয়’ হিসাবে গ্রহণকরবে। স্মরণসভায় অনেক বক্তা এ কথাটিই ব্যক্ত করেছেন। মাওলানা আশরাফ আলী রহঃ এর কবরকে জান্নাতের আলোয় আলোকিত করার জন্য দোয়া করেছেন।



