পাথেয় রিপোর্ট : রাজধানী ঢাকার কেরানীগঞ্জে কালভার্ট নির্মাণের সময় স্তুপ করে রাখা মাটি ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার উত্তর ধর্মশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো. মশিউর (৪০) ও আউলিয়া (২৮)। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
নিহত মশিউরের স্ত্রী সজিনা বেগম জানান, আউলিয়া ও তার স্বামী মশিউর একই এলাকায় ভাড়া থেকে কালভার্ট নির্মাণ শ্রমিকের কাজ করতেন। সকালে তারা উত্তর ধর্মশুর এলাকায় মাটি কাটছিলেন। এসময় উপর থেকে স্তুপ করে রাখা মাটি ধসে পড়লে তারা নিচে চাপা পড়েন। পরে মাটি সরানো হলে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কেরানীগঞ্জ থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।


