পাথেয় টোয়েন্টিফোর ডটকম : খুলনা আলিয়া মাদরাসায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন থেকে ফেরার পথে ট্রাক চাপায় তিন মাদরাসা শিক্ষার্থী মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরও দুই ছাত্র।
শনিবার দিবাগত রাত (৯ জানুয়ারি) ১টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের শ্যামবাগাত নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আব্দুল্লাহ (২৫), আব্দুল গফুর (১২) ও সালাউদ্দিন (১৭)। তারা সবাই বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর কওমী মাদরাসার বিভিন্ন শ্রেণির ছাত্র।
হাকিমপুর মাদরাসার শিক্ষক ওহিদুজ্জামান গণমাধ্যমে জানান, মাদরাসার কয়েকজন ছাত্র মিলে একটি সিএনজি ভাড়া করে খুলনা আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কেরাত সম্মেলন গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে শ্যামবাগাত নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিন ছাত্রের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় দুই জনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাটাখালি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আলী জানিয়েছেন, পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করেছে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।


