পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৪ মে) ঈদের নামাজ শেষে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নেতারা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন এবং ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলীয় প্রধানের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, ‘আলহামদুলিল্লাহ, তিনি (খালেদা জিয়া) ধীরে ধীরে হলেও ইমপ্রুভ করছেন। বেশ ইমপ্রুভ করেছেন ইতোমধ্যে। ডাক্তার আমাকে বলেছেন, তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁরা আশাবাদী, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’ তিনি বলেন, ‘আপনাদের মাধ্যমে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। শুধু নিজের জন্য নয়, সারাদেশের মানুষের জন্য। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।’
স্থায়ী কমিটির সদস্যরা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার পরে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
দুর্নীতির দুটি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি ছিলেন খালেদা জিয়া। দেশে করোনা সংক্রমণ শুরু হলে পরিবারের সদস্যদের আবেদনে সাজা ছয় মাসের জন্য স্থগিত রেখে তাঁকে গত বছর ২৫ মার্চ মুক্তি দেয় সরকার। এরপর খালেদা জিয়া রাজধানীর গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজায়’ ওঠেন।
এর পর খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরো বাড়ানো হয়েছে। সম্প্রতি করোনা সংক্রমণ ধরা পড়ার পর গত ২৭ এপ্রিল তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে তাঁর শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতালটির সিসিইউতে নেওয়া হয় তাঁকে। সেই থেকে সেখানেই চিকিৎসাধীন তিনি।


