পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগের মতোই আছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমি গত দুদিন আগে ম্যাডামের অবস্থা আপনাদের জানিয়েছি। এখনও তিনি একই অবস্থায় আছেন। কোনো পরিবর্তন নেই।
রোববার (২৩ মে) দুপুরে গুলশানে দলীয় চেয়ারপারসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে গেল শুক্রবার (২১ মে) প্রেস ক্লাবে এক সভায় মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার শরীরে জ্বর নেই, শ্বাসকষ্টও নেই। কিন্তু পোস্ট কোভিড জটিলতার জন্য তিনি হার্ট ও কিডনির সমস্যায় ভুগছেন। বিষয়টি নিয়ে চিকিৎসকরা অত্যন্ত উদ্বিগ্ন, চিন্তিত।
শনিবার (২২ মে) একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে খালেদা জিয়া একটু হাঁটতে পারছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমি এরপরে তাকে দেখতে যাইনি। এই বিষয়ে জানি না, হতে পারে।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার এখন যে চিকিৎসা চলছে সেখানে একটু ফিজিওথেরাপি দেওয়া, একটু হাঁটাহাঁটি করানো হচ্ছে। কিন্তু এখনও তার লাঞ্চে পাইপ দেওয়া আছে।
আওয়ামী লীগ প্রতিরাতে দুঃস্বপ্ন দেখে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘তারা সবখানে বিএনপি বিএনপি দেখনে। সবখানে ষড়যন্ত্র দেখেন। এত ভয় কেন? কারণ আপনাদের পেছনে জনগণ নেই। আপনারা আছেন আমলাদের নিয়ে। তাদের নিয়ে দেশ চালাচ্ছেন। তারা গোয়েন্দা লাগিয়ে দেন। তারা আপনাদের (সাংবাদিকদের) সব সময় ফোন করে বলেন- এটা দেওয়া যাবে না, ওটা করা যাবে না। আপনারা স্বীকার করেন আর না করেন, এটাই বাস্তবতা।’
তিনি আরও বলেন, ‘আমরা আগেও বলেছি, এখনও বলছি কেউ কোনো দিন এ রকম অত্যাচার নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকেন পারেনি। হ্যাঁ, কেউ আগে, কেউ পরে বিদায় হয়। কিন্তু সেই বিদায়টা সুখকর হয় না কখনও।’


