খালেদা জিয়া ইস্যুতে অচিরেই সিদ্ধান্ত : আইনমন্ত্রী

খালেদা জিয়া ইস্যুতে অচিরেই সিদ্ধান্ত : আইনমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বিএনপিপন্থী আইনজীবীরা যেসব সুপারিশ করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে এবং অচিরেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

রাজধানীর গুলশানে তার আবাসিক অফিসে বুধবার (৮ ডিসেম্বর) বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়া জানান তিনি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, খালেদা জিয়ার বিষয়ে বিএনপিপন্থী আইনজীবীরা যে সুপারিশ করেছেন, সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে যে ওই পদ্ধতিতে অন্য কোনো দেশে মুক্তি দেওয়ার নজির আছে কি না। অচিরেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

আবরার ফাহাদ হত্যার প্রকৃত ও ন্যায়বিচার করা হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আপাতদৃষ্টিতে এ রায়ের মাধ্যমে প্রকৃত বিচার ও ন্যায়বিচার হয়েছে। আমরা প্রসিকিউশন টিম এবং বিচার বিভাগের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিজ্ঞ আদালত যে রায় দিয়েছেন তাতে প্রমাণ হয়েছে যে, আমাদের দেশে আইনের শাসন রয়েছে। এ ধরনের হত্যাকাণ্ড বা অপরাধ করে কেউ নির্দ্বিধায় ঘুরে বেড়াতে পারবে না কিংবা রাজনীতি করতে পারবে না।

মন্ত্রী আরো বলেন, এমন কিছু মামলা থাকে, যা সমাজের বিবেককে নাড়িয়ে দেয়। দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এসব মামলা নিষ্পত্তি করা সরকারের দায়িত্ব। একই সঙ্গে সমাজকে আশ্বস্ত করা যে, আইনের শাসন দেশে বিরাজমান। সেই দায়িত্ব পালনে এখন পর্যন্ত সফল শেখ হাসিনার সরকার।

প্রসঙ্গত, এর আগে বুধবার, ৮ ডিসেম্বর, দুপুরে দেশব্যাপী আলোচিত ও ন্যাক্কারজনক এই হত্যা মামলার রায় ঘোষণা করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান। রায়ে ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *