পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা: এ জেড এম জাহিদ।
শনিবার (১ মে) রাতে তিনি সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
শনিবার (১ মে) রাত সাড়ে ৯টায় বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে সংবাদমাধ্যমকে বলেন, আলহামদুলিল্লাহ ম্যাডামের (বেগম জিয়া) শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। আজও চিকিৎসকরা তাকে দেখেছেন। কিন্তু শুক্র ও শনিবার ছুটির দিন হওয়ায় আজ তার যে পরীক্ষা-নিরীক্ষা করার কথা ছিলো সেটা একটু পিছিয়েছে। তবে বলা চলে তিনি অনেকটাই ভালো আছেন।
বিএনপি চেয়ারপারসন কারো সাহায্য ছাড়া হাঁটা-চলা করতে পারেন কি-না এমন প্রশ্নের জবাবে ডা: জাহিদ বলেন, ম্যাডাম কারো সাহায্য ছাড়া হাঁটা-চলা করতে পারেন না, এটা বলা যাবে না। তবে তার বয়স ও শারীরিক অবস্থার কথা চিন্তা করে চিকিৎসক তার দৈনন্দিন কাজগুলোর জন্য একজন সহকারীকে পরামর্শ দিয়েছেন। সেটা তার হাঁটা-চলায় সাহায্য করার জন্য নয়। এই ধরেন, তিনি ওয়াশরুমে যাবেন দরজাটা খুলে দেয়া, একটি টুল লাগবে সেটা এনে দেয়া, এক গ্লাস পানি লাগবে সেটা এনে দেয়া, সিঁড়ি থেকে নামার সময় সাহায্য করা। আসলে এসব সাহায্য করার জন্য একজন সহযোগী প্রয়োজন রয়েছে বলে চিকিৎসক পরামর্শ দিয়েছেন।
এর আগে ডা: জাহিদ গণমাধ্যমকে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতালে নন–কোভিড জোনে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। তিনি বলেছিলেন, আন্তর্জাতিক নিয়মে আছে দুই সপ্তাহ পর যদি করোনার কোনো উপসর্গ না থাকে তবে করোনা টেস্ট করানোর কোনো প্রয়োজন নেই। ধরে নিতে হয় উনার কাছ থেকে করোনা ছড়ানোর আর সুযোগ নেই।


