পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সেলফি অাসক্তি বা অতিরিক্ত সেলফি তুলে নানা ধরণের দুর্ঘটনার খবর কম অাসেনি গণমাধ্যমে। দুনিয়াজুড়ে সেলফি তুলতে গিয়ে প্রাণহানির ঘটনা কম নয়। এবার সাপের সঙ্গে সেলফি তুলতে গিয়ে সেই সাপের কামড়ে প্রাণ গেছে এক যুবকের।এই ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্র প্রদেশ । কামড়ে মারা যাওয়া ওই যুবকের নাম জগদীশ (২৪)।
১৪ নভেম্বর বুধবার হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অন্ধ্র প্রদেশের নেলোর জেলার ম্যানগেলাম্পেট শহরে গোখরা সাপের সঙ্গে সেলফি তুলতে যায় যুবক জগদীশ। ম্যানগেলাম্পেট শহরে সাপুরের ঝুড়ি থেকে একটি গোখরা সাপ তুলে নিয়ে নিজের ঘাড়ে প্যাঁচিয়ে নেন যুবক জগদীশ। পরে সেই গোখরা সাপের সঙ্গে সেলফি তুলতে গেলে সাপ তাঁর হাতে কামড় বসিয়ে দেয়।
এতে মুহূর্তের মধ্যে ওই যুবকের মুখ থেকে ফেনা বের হতে শুরু করে। দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ৫০ কিলোমিটার দূরে শ্রী সিটির হাসপাতালে নেওয়ার পথে জগদীশ মারা যান।


