পাথেয় টোয়েন্টিফোর : সারা বিশ্বেই ব্যাপকভাবে সমাদৃত ও সাড়া জাগানো দোয়ার বই ‘হিসনুল মুসলিম’ এর লেখক ড. সাঈদ বিন আলী বিন ওয়াহাফ আল ক্বাহতানী ১ অক্টোবর ফজরের সময় রফিকে আলার ডাকে সাড়া দিয়ে চিরদিনের জন্য চলে গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ক্ষণজন্মা এই আলেমে রব্বানী ১৯৫১ সালে সৌদি আরবের মক্কার পার্শ্ববর্তী কাহতানের আরিন নামক গ্রামে জন্ম গ্রহণ করেন৷ ১৪০৪ হিজরিতে তিনি জামিয়া ইমাম মুহাম্মাদ ইবনে সউদ থেকে ‘কুল্লিয়াতু উসুলিদ দ্বীন’ বিভাগ থেকে শিক্ষা সমাপন করেন৷ ১৪১২ হিজরিতে তিনি ‘আল হিকমাহ ফিদদাওয়াতি ইলাল্লাহ’ বিভাগে মাস্টার্স সম্পন্ন করেন৷ ১৪১৯ হিজরিতে ‘ফিকহুদ দাওয়াহ ফি সহিহিল ইমামিল বুখারি’ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন৷
হিসনুল মুসলিম ছাড়াও এই জ্ঞানতাপস মনিষী ৮০টিরও বেশি অনবদ্য গ্রন্থের রচয়িতা। তার প্রত্যেকটি গ্রন্থই সারা বিশ্বে সমানভাবে সমাদৃত। মহান আল্লাহ তায়ালা তার লেখনীতে দিয়েছিলেন এক অন্যরকম বিভা। যা মানুষকে আলোকিত করে তুলত। তবে মুসলিম উম্মাহর জন্য লিখিত তার সবচেয়ে উল্লেখযোগ্য গ্রন্থ হল হিসনুল মুসলিম। আল্লাহ যেন এই একটি গ্রন্থ দ্বারাই শায়খ ক্বাহতানীকে কবুল করে নিয়েছিলেন।
মহান আল্লাহ তাঁর প্রতি রহম করুন, তাঁকে ক্ষমা করুন। তার রহমতের বারিধারায় সিক্ত করুন। তাকে তাঁর জান্নাতের সর্বোচ্চ স্থানে স্থান দিন। আলোকিত হোক এই মহান বুযুর্গের মাকবারা। জান্নাতের একটি অংশে পরিণত হোক তার কবর।


