চাঁদে রকেট পাঠাচ্ছে তুরস্ক

চাঁদে রকেট পাঠাচ্ছে তুরস্ক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চাঁদ সবসময় মানুষের কল্পরাজ্যে নানারকম স্বপ্ন বুনেছে। স্বপ্নদেখা থেকে চাঁদ জয়ও করেছে মানুষ। এবার চাঁদ নিয়ে তুরস্কের মহাকাশ পরিকল্পনার কথা জানালেন তুরস্কের রিসেপ তায়িপ এরদোয়ান।

আগামী ১০ বছরের জন্য বেশ কিছু পরিকল্পনার কথা ঘোষণা করেছেন তিনি। যার মধ্যে আছে, চাঁদে রকেট পাঠানো এবং মহাকাশ-বন্দর তৈরি করা।

এরদোয়ান বলেছেন, ‘২০২৩ সালের শেষের দিকে আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে আমারা হাইব্রিড রকেট পাঠাব। আল্লাহ চাইলে আমরা চাঁদে যাচ্ছি।’

তুরস্কের প্রজাতন্ত্র হওয়ার একশ বছর পূর্তিও হচ্ছে ওই সময়। এরদোয়ান মহাকাশ-বন্দর গড়ে তুলতে চান। তিনি চান, তুরস্ক যেন রকেট প্রযুক্তির ক্ষেত্রে অগ্রণী দেশে পরিণত হয়। তিনি বলেছেন, ‘আমি আশা করব, আমাদের প্রয়াস সফল হবে এবং মহাকাশ গবেষণায় এগিয়ে থাকা দেশের তালিকায় তুরস্কও ঠাঁই পাবে।’

২০১৮ সালে তুরস্কের মহাকাশ এজেন্সি তৈরি হয়। সে সময় আর্থিক অনটন চলছিল। তার মধ্যে এই এজেন্সির গঠন নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় এরদোয়ানকে। কিন্তু এই প্রকল্পের সমর্থকদের দাবি ছিল, এর ফলে তুরস্কের মহাকাশ গবেষকরা উপকৃত হবেন এবং ব্রেন ড্রেন বন্ধ হবে।

মহাকাশ অভিযানে কত অর্থ খরচ হবে, তা এরদোয়ান জানাননি। তবে তিনি স্পেসএক্সের প্রধান এলোন মাস্কের সঙ্গে কথা বলেছেন এবং তুরস্কের কম্পানিগুলোকে মহাকাশ অভিযানে সাহায্য করার অনুরোধ জানিয়েছেন। স্পেস এক্সের সহযোগিতায় যুক্তরাষ্ট্র থেকে তুরস্কের উপগ্রহ টার্কস্যাট ৫এ মহাকাশে গেছে।

এরদোয়ান বলেছেন,‘আমাদের পা থাকবে মাটিতে, চোখ আকাশে। আমাদের শিকড় থাকবে বিশ্বে, আমাদের ডালপালা থাকবে মহাকাশে।’

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *