পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হতদরিদ্র মানুষের চাল ওজনে কম দেয়ায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের সদস্য ও ডিলার মো. আবদুল বারী মিয়াকে (৪৫) জরিমানা করা হয়েছে।
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র মানুষের জন্য নির্ধারিত কার্ডের বিনিময়ে ১০ টাকা কেজি দরের চাল কম দেয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ শোয়াইব এ জরিমানা করেন।
জানা গেছে, বুধবার দুপুরে ৫নং কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন একটি ঘরে বসে হতদরিদ্র মানুষকে ৩০০ টাকার বিনিময়ে ৩০ কেজি করে চাল দেয়ার কথা। কিন্তু হতদরিদ্র মানুষকে ২৮ থেকে ২৯ কেজি চাল দেয়া হয়। প্রশাসনের লোকজন উপস্থিত হয়ে বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাজির হয়ে তাকে জরিমানা করেন।
এ সময় একাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমান, মির্জাগঞ্জ থানার এসআই মো. সাইদুর রহমান উপস্থিত ছিলেন।


