চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন বেসরকারি হাসপাতাল ফর্টিসে চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে ঘটা এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে হাসপাতালে বিক্ষোভ ও ভাঙচুরের চেষ্টা করে নিহতের স্বজনরা।
স্বজনরা জানায়, ব্যবসায়ী লোকমান চৌধুরী গত ২২ জুন ফুসফুসের ব্যথা নিয়ে ফর্টিস হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকের পরামর্শে তখন থেকে তাকে অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়। কিন্তু মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক শিমুল কুমার ভৌমিক রোগীর সেই মাস্ক খুলে নেন। অক্সিজেন না পাওয়ায় রোগীর অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে তিনি মারা যান। এ ব্যাপারে বারবার দৃষ্টি আকর্ষণ সত্ত্বেও চিকিৎসকরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেননি বলে দাবি মৃতের স্বজনদের। অনাকাক্সিক্ষত এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে রোগীর আত্মীয়স্বজন হাসপাতালে ভাঙচুরের চেষ্টা চালায়। হাসপাতালের চিকিৎসক বা কর্মচারী কাউকেই সে সময় আশপাশে দেখা যায়নি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাঁচলাইশ থানার এসআই মোজাম্মেল হক জানান, রাত ৯টার দিকে লোকমান চৌধুরীর মৃত্যু হয়েছে। চিকিৎসকের অবহেলায় তিনি মারা গেছেন বলে তার আত্মীয়স্বজনরা অভিযোগ করেছেন।
এর আগে গত ২৯ জুন শুক্রবার রাতে চিকিৎসকের দায়িত্বে অবহেলার কারণে চট্টগ্রামের মেহেদীবাগে অবস্থিত ম্যাক্স হাসপাতালে মৃত্যু হয় আড়াই বছর বয়সী শিশু রাইফা খানের।


