চিকিৎসা না মেলায় রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন

চিকিৎসা না মেলায় রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা ইয়াসিন শেখ। দীর্ঘদিন ধরে ভুগছেন মরণঘাতী ক্যানসারে। কিন্তু অভাবের সংসারে ক্যানসারের চিকিৎসা করতে পারছেন না। তার স্ত্রীর বিড়ি বাঁধার কাজের সামান্য আয়েই চলে ৬ জনের সংসার। নুন আনতে পান্তা ফুরনো সংসারে খাবার জোগানোই দায়। তার ওপর আবার স্বামী আক্রান্ত ক্যানসারে। অভাবের সংসারে তার চিকিৎসা যেন বিলাসিতা। তাই তো অর্থাভাবে চিকিৎসা আর হয়নি। এই পরিস্থিতিতে বাঁচার ইচ্ছাও হারিয়ে ফেলেছেন ইয়াসিন শেখ। রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছেন তিনি।

বেশ কয়েক বছর আগেই অসুস্থ হন তিনি। তারপর পরীক্ষা-নিরীক্ষা করান। জানতে পারেন শরীরে বাসা বেঁধেছে কর্কট (Cancer) রোগ। গরিবের সংসারে সেই শুরু কর্কটের বিরুদ্ধে লড়াই। প্রথমে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করান ইয়াসিন শেখ। তবে অবস্থা বিশেষ ভাল ছিল না তার। তাই কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। গ্রাম থেকে শহরে এসে বেশ কয়েকবার চিকিৎসা করান। কিন্তু লাভ হয়নি। এ অসুখ যে দু’দিনে সেরে যাওয়ার নয়। তাই ধৈর্য ধরার দরকার ছিল। প্রয়োজন ছিল আরও অর্থের। ৬৫ বছরের ইয়াসিন হয় তো ধৈর্য ধরতে পারতেন। কিন্তু টাকা? স্ত্রী, ছোট ছোট সন্তানে সংসারে যে এমনিই নুন আনতে পান্তা ফুরোয়। কীভাবে চিকিৎসার খরচ চালাবেন তিনি? তাই আর চিকিৎসা চালিয়ে যেতে পারেননি।

রোগের থাবা ক্রমশই চওড়া হচ্ছে। তাই তো শরীরে ক্ষমতা ধীরে ধীরে কমছে। হাঁটাচলা করার মতো ক্ষমতাও যেন হারিয়ে গিয়েছে। ছোট্ট ঘরে বিছানার এক কোণকেই পৃথিবী বানিয়েছেন তিনি। সেখানে সারাদিনের অধিকাংশ সময় কেটে যায় তার। কঠিন পরিস্থিতি যেন পৃথিবীর সব রং, রূপ, গন্ধ কেড়ে নিয়েছে ইয়াসিনের। বাঁচার ইচ্ছাও চলে গিয়েছে তার। তাই জীবন শেষ করে দেয়ার ভাবনা প্রতি মুহূর্তে উঁকি দেয় মনের কোণে।

এই পরিস্থিতিতে সরকারি সাহায্যের আশায় ইয়াসিনের পরিজনেরা। তবে এ জীবন আর রাখতে চান না ইয়াসিন। তাই তো স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়ে রাষ্ট্রপতির দফতরে চিঠি পাঠিয়েছেন ক্যানসার আক্রান্ত বৃদ্ধ।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *