পাথেয় রিপোর্ট: বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ‘জঙ্গি শনাক্তকরণ’ বিজ্ঞাপনটি নিজেদের নয় বলে দাবি করেছে সম্প্রীতি বাংলাদেশ। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন সংগঠনটির আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। সম্প্রীতি বাংলাদেশের নামে জঙ্গি শনাক্তকরণ বিষয়ে বিজ্ঞাপনটি গত ১২মে বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়।
প্রসঙ্গত, সম্প্রীতি বাংলাদেশের নামে প্রকাশিত `জঙ্গি শনাক্তকরণ’ বিষয়ে একটি পোস্টার নিয়ে সম্প্রতি বিতর্ক শুরু হয়। বিজ্ঞাপনটিতে হঠাৎ করে দাড়ি রাখা ও টাখনুর ওপর কাপড় পরা শুরু করা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিয়ে, গায়েহলুদ, জন্মদিন পালন, গান-বাজনাসহ পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান থেকে গুটিয়ে রাখাসহ বেশ কিছু বিষয়কে ‘জঙ্গিবাদের লক্ষণ’ হিসেবে চিহ্নিত করে বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়।
‘সন্দেহভাজন জঙ্গি সদস্য শনাক্তরণের (রেডিক্যাল ইন্ডিকেটর) নিয়ামকসমূহ’ শীর্ষক ওই বিজ্ঞাপনের নিচে লেখা ছিল ‘সম্প্রীতি বাংলাদেশ’। পুরো বিজ্ঞাপনটিতে জঙ্গি শনাক্ত করার ‘২৩টি উপায়’ জানানো হয়।
প্রকাশিত হওয়ার পর বিজ্ঞাপনটি বেশ সমালোচিত হয়। সমালোচনার প্রেক্ষিতে ‘সম্প্রীতি বাংলাদেশ’ নামের সংগঠনটির আহ্বায়ক অভিনয়শিল্পী পীযূষ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হোন এবং তিনি দাবি করেন, ওই বিজ্ঞাপন তাঁর সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়নি।
পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জঙ্গি শনাক্তকরণ বিজ্ঞাপন নিয়ে সম্প্রীতি বাংলাদেশ সম্পর্কে অসত্য তথ্য উপস্থাপন করে দেশের সরলপ্রাণ মানুষদের নানাভাবে বিভ্রান্ত করার অপচেষ্টা আমাদের নজরে এসেছে। ’
তিনি আরো বলেন, ১২ মে দেশের বেশকিছু জাতীয় পত্রিকায় প্রচারিত বিজ্ঞাপনটির সঙ্গে কোনো পর্যায়েই আমাদের প্রিয় সংগঠন সম্প্রীতি বাংলাদেশের কোনো সংশ্লিষ্টতা নেই। সম্প্রীতি বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের চেতনায় দৃঢ়ভাবে বিশ্বাসী এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল একটি সামাজিক সংগঠন। দেশবাসীকে বিভ্রান্ত করতেই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এমন অপপ্রচার চালিয়েছে। সম্প্রীতি বাংলাদেশে অসাম্প্রদায়িকতার কোনো স্থান নেই।’
পীযূষ বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে কাজ করায় সম্প্রীতি বাংলাদেশের বিরুদ্ধে একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত।’ ওই বিজ্ঞাপন সেই ষড়যন্ত্রেরই অংশ হতে পারে বলে অভিযোগ তাঁর।
তিনি বলেন, ‘এই সংগঠনের নেতা-কর্মীরা সতেজ ও সক্রিয় থেকে দেশ, সমাজ ও মানুষের ভাল কাজটি করে যাবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়েছে, সম্প্রীতি বাংলাদেশ আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পর থেকে এ পর্যন্ত সমাজের মানবিক বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সুন্দর এক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে।
সংগঠনের সদস্য সচিব ডা. মামুন আল মাহতাবের (স্বপ্নীল) উপস্থাপনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী সিকদার, সাবেক সংস্কৃতি ও তথ্যসচিব মো. নাসির উদ্দিন আহমেদ, ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী, খ্রিস্টান অ্যাসোয়িশনের সভাপতি উইলিয়াম প্রলয় সমাদ্দার, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সহকারী সম্পাদক আলী হাবিব।


