পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দারুল উলুম দেওবন্দের উস্তাযুল হাদীস, নায়েবে আমীরুল হিন্দ, আওলাদে রাসূল, শায়খুল হাদীস মুফতি সাইয়্যিদ মুহাম্মদ সালমান মানসুরপুরী (দা.বা.) আজ (১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার) সকাল ১১টায় রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জামিআ ইকরা বাংলাদেশে আগমন করেন। এসময় জামিআর শিক্ষক-শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হযরতের ইস্তকবাল জানান।

জামিআ ইকরার রঈস শায়খ মাওলানা আরীফ উদ্দীন মারুফ তাঁকে স্বাগত জানান। এরপর হযরত দাওরায়ে হাদীসের ছাত্রদের উদ্দেশ্যে সহিহ বুখারীর দরস প্রদান করেন। বরকতের নিয়তে আয়োজিত এ দরসে কেবল ছাত্ররাই নয়, জামিআ ইকরার আসাতিযা ও রাজধানীর বিভিন্ন মাদরাসার উস্তাদগণও উপস্থিত ছিলেন। সবাই গভীর মনোযোগের সঙ্গে হযরতের দরস শ্রবণ করেন।
দরস শেষে মুফতি সালমান মানসুরপুরী জামিআ ইকরার দারুল ইফতা বিভাগ পরিদর্শন করেন। সেখানে তিনি ছাত্রদের কয়েকটি তামরীন (ফিকহি প্রশিক্ষণমূলক অনুশীলন) দেখেন এবং শিক্ষার্থীদের একাগ্রতা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ইফতার বছর মূলত তামরীনের বছর—এই সময়ের পরিশ্রমই ভবিষ্যতে একজন আলেমকে ফিকহি রায় প্রদানের যোগ্য করে তোলে। তাই তিনি মুতালাআর পরিধি প্রসারিত করা ও আরবি কিতাবকে প্রাধান্য দেওয়ার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

পরবর্তীতে জামিআর শিক্ষা কার্যক্রম, বিভাগসমূহ ও অবকাঠামো ঘুরে দেখেন। এসময় তিনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি, শিক্ষক-শিক্ষার্থীর অগ্রগতি ও ইলমে দ্বীন প্রচারে জামিআ ইকরার ভূমিকার জন্য বিশেষ দো‘আ করেন।
উল্লেখ্য, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে মুফতি সাইয়্যিদ মুহাম্মদ সালমান মানসুরপুরীর সরাসরি পরামর্শ ও তত্ত্বাবধানে জামিআ ইকরা বাংলাদেশে দারুল ইফতা বিভাগ চালু করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই তিনি এ বিভাগের প্রধান মুশরিফ হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিবছর নির্দিষ্ট সময়ে তিনি বাংলাদেশ সফর করে জামিআ ইকরার ইফতা বিভাগে দরস প্রদান, শিক্ষার্থীদের তামরীন পর্যবেক্ষণ এবং শিক্ষক-শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করে আসছেন।


