জামিআ ইকরায় শুক্রবার খতমে বুখারী

জামিআ ইকরায় শুক্রবার খতমে বুখারী

মাসউদুল কাদির ● রাজধানীর জামিআ ইকরা বাংলাদেশের দাওরায়ে হাদিসের সমাপনী ও পবিত্র বুখারী শরীফের খতম উপলক্ষে আড়ম্বরপূর্ণ এক মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বের অবিসংবাদিত আধ্যাত্মিক রাহবার হযরত আসআদ মাদানী রহ.-এর সুযোগ্য তনয় ও বর্তমান জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারী জেনারেল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী । অনুষ্ঠানে বুখারী শরীফের দরস প্রদান ও সভাপতিত্ব করবেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও জামিআ ইকরা বাংলাদেশের মহাপরিচালক আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

শুক্রবার জামিআ ইকরার একটি সূত্র এ সম্পর্কে নিশ্চিত করেছে।

জামিআ ইকরা বাংলাদেশের রইস মাওলানা আরীফ উদ্দীন মারুফ বলেন, আল্লাহর মেহেরবানীতে আমাদের সবকাজ-আয়োজন প্রস্তুত। সন্ধ্যায় আওলাদে রাসূল ইনশাআল্লাহ আসবেন।  আমরা সবাইকে দুআ অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন বলেন, বাদ মাগরিব ইনশাআল্লাহ ইকরায় খতমে বুখারী অনুষ্ঠিত হবে। আমাদের হযরত একদিনের ঝটিকা সফরে আসছেন বাংলাদেশে।

আরও কোথাও অংশগ্রহণ করবেন কি না জানতে চাইলে তিনি বলে, হযরত মাদানী প্রথমেই নূরেরচালায় জামিয়া আশরাফিয়া, পরে ইকরায়, এরপর জামিআ ইদারাতুল উলূম আফতাবনগরে মাহফিলে যোগদান করবেন।

উল্লেখ্য, ক’মাস আগে একবার বাংলাদেশে আসার জন্য সব ব্যবস্থা করেও তিনি বাতিল করেন। যে কারণে সাধারণ আলেমদের মধ্যে হযরত মাদানীর এই সফর নিয়ে যথেষ্ট কৌতূহল রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *