পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কানাডায় নির্বাচনি প্রচারাভিযানে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারা হয়েছে। তবে তিনি এই ঘটনায় আহত হননি বলে নিশ্চিত করা হয়েছে। বিক্ষোভকারীরা তার দিকে ছোট পাথর নিক্ষেপ করেছিল।
গত আগস্টের মাঝামাঝি সময়ে আগাম নির্বাচন ডেকেছিলেন জাস্টিন ট্রুডো। তার দল বামপন্থী লিবারেল পার্টি সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারবেন এই আশায়ই আগাম নির্বাচন ডাকা হয়েছিল।
কিন্তু কোভিড-১৯ ভ্যাকসিন বাধ্যতামূলক করা এবং অন্যান্য বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভের কারণে তার নির্বাচনী প্রচারণা ব্যাহত হয়। একদল বিক্ষুব্ধ বিক্ষোভকারীদের হামলায় এক সপ্তাহের বেশি সময় আগে নির্বাচনী প্রচারণা বাতিল করতে বাধ্য হন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
কানাডার সিটিভি ন্যাশনাল নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, গণমাধ্যমের একটি বাসে অবস্থান করা দুই ব্যক্তিকেও পাথর ছুড়ে মারা হয়েছে। যদিও তারা আহত হননি। বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা এরিন ও’তোলে এই ঘটনাকে ন্যাক্কারজনক বলে উল্লেখ করেছেন।
গত মাসে কানাডা সরকার এক ঘোষণায় জানায় যে, সব সরকারি কর্মকর্তাকে আগামী অক্টোবরের শেষ নাগাদ ভ্যাকসিন নিতে হবে। যদি তারা ভ্যাকসিন না নেন তবে তাদের চাকরিও হারাতে হতে পারে।


