পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকায় আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফলে নগরীর বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। কোনও কোনও সড়কে জমেছে হাঁটুপানি। কোথাও কোথাও ফুটপাত ছাড়িয়ে মানুষের বাসা বাড়িতেও ঢুকে পড়েছে পানি। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
আবহাওয়া অফিস বলছে, আগামীকালও ঢাকা অঞ্চলে ভারী বৃষ্টি হবে। ধীরে ধীরে দেশের পূর্বাঞ্চল ও উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (১ জুন) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সকালে রাজারবাগ পুলিশ লাইনের সামনে, মালিবাগ, মৌচাক, মতিঝিল, গুলিস্তান, কাওরান বাজার, ফার্মগেট, মিরপুর, তেজগাঁও, মোহাম্মদপুর, বাড্ডা, বসুন্ধরা আবাসিক এলাকা, রামপুরা, পুরান ঢাকার বিভিন্ন এলাকা, খিলক্ষেতসহ বিভিন্ন এলাকার সড়কে পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
প্রতি বছরই জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হয় রাজধানীবাসীকে। কিন্তু কার্যত কোনও পদক্ষেপ নেই দুই সিটি করপোরেশনের। অথচ এই খাতে বছরে হাজার কোটি টাকা ব্যয় করে থাকে সংস্থা দুটি। বৃষ্টি হলেই নগরীর অলিগলি ও ছোট পরিসরের রাস্তাগুলোতেও জলাবদ্ধতা দেখা দেয়। রাজধানীর পানি নিষ্কাশন পথগুলো আবর্জনায় ভরাট হয়ে থাকায় দ্রুত পানি নামতে পারছে না। ফলে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।


