টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পাথেয় রিপোর্ট : টানা তৃতীয়বারসহ চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়ে ও নতুন মন্ত্রিসভা গঠনের পর টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৯ জানুয়ারি বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে প্রাণঢালা অভিনন্দন জানান।

এরপর দুপুর সাড়ে ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে উপস্থিত হয়ে বোন শেখ রেহানাকে সাথে নিয়ে সমাধি বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করে। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত ও দেশের সাফল্য কামনায় ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজানে অংশ নেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তাঁর বোন শেখ রেহানা। আরো ছিলেন বাগেরহাট ১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দীন, বাগেরহাট ২ আসনের সাংসদ শেখ সারহান নাসের (শেখ তন্ময়), গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ফারুক খান, ধর্ম প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর নির্বাচন সমন্বয়ক শেখ মো. আবদুল্লাহ।

এদিকে বিমসটেক, সার্ক ও পিইউআইসি পরপর তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো পৃথক অভিনন্দন বার্তায় তারা আগামী বছরগুলোতে পারস্পরিক স্বার্থে বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছে।

বিমসটেক মহাসচিব এম শহীদুল ইসলাম এক অভিনন্দন বার্তায় বলেন, পরপর তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের মধ্যদিয়ে আপনার নেতৃত্বের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটেছে। এরফলে বাংলাদেশ প্রবৃদ্ধি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে।

ওআইসি সদস্য দেশগুলো পার্লামেন্টারি ইউনিয়নের (পিইউআইসি) মহাসচিব মোহাম্মদ খোরাইসি নিয়াস অভিনন্দন বার্তায় বলেন, মুসলিম উম্মাহর সেবায় তারা বাংলাদেশের সরকার ও পার্লামেন্টের অব্যাহত সমর্থন দিয়ে যাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *