পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশের উন্নয়নের ধারাকে আরও বেগবান করতে ডি-৮ সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বিনিময় ও একসঙ্গে কাজ করার কৌশল নির্ধারণে ঢাকায় শুরু হওয়া উচ্চ পর্যায়ের ব্যবসায়িক সংলাপ ও এক্সপোর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় বাংলাদেশ ভালো করছে। উৎপাদন, শিল্প, সেবা, কৃষি, রপ্তানি তথা জিডিপি প্রবৃদ্ধি সব দিক থেকে বাংলাদেশ এই করোনা মহামারি এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ভালো অবস্থানে আছে। আরও ভালো করতে চায় বাংলাদেশ। এ জন্য ডি-৮ সদস্য দেশগুলো বাংলাদেশের এই উন্নয়ন ধারায় সম্পৃক্ত হয়ে একসঙ্গে কাজ করতে পারে, যার মাধ্যমে পারস্পরিক অভিজ্ঞতা, তথ্য বিনিময় ও সেবা সরবরাহের ক্ষেত্র আরও সহজ হতে পারে।’
দুই দিনের এই আয়োজনে বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের চেম্বারস অব কমার্সের সভাপতি, প্রতিনিধি দল এবং ব্যবসায়ী নেতারা অংশ নিয়েছেন।
এবারের ফোরাম সংলাপে বাংলাদেশসহ অন্য সদস্য দেশগুলোর মধ্যকার ভ্যালু চেইনের ছয়টি এবং ভ্যালু চেইন ইন্টিগ্রেশনের ১৩টি বৃহৎ ক্ষেত্রের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হচ্ছে।
সংস্থাটির রজতজয়ন্তী উপলক্ষে রাজধানীর সোনারগাঁও হোটেলে এই আন্তর্জাতিক ব্যবসায়িক সংলাপ ও এক্সপোর আয়োজন করা হয়।
এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ডি-৮-এর সেক্রেটারি জেনারেল রাষ্ট্রদূত ইসিয়াকা আব্দুল কাদির ইমাম, ডি-৮ সিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রথম দিন সাধারণ পরিষদে ছয়টি ক্ষেত্রের সম্ভাবনা, সম্ভাব্য রোডম্যাপ ও এর কৌশলগুলো নিয়ে আলোচনা হচ্ছে, যা দ্বিতীয় দিন ডি-৮ মিনিস্ট্রিয়াল পর্যায়ে উপস্থাপন করা হবে।
পরবর্তীতে সংশ্লিষ্ট দেশগুলোর বাণিজ্য মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত প্রস্তাব দেয়া হবে এবং করণীয় ঠিক করা হবে।


