পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে; এইডিস মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৫৬১ জন।
এর আগে সবশেষ মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়। সবমিলিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৩ জনের মৃত্যু হল।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ২০৫ জন ভর্তি হয়েছেন।
এর বাইরে ঢাকা বিভাগে ৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১১৩ জন, খুলনা বিভাগে ৫৯, রাজশাহী বিভাগে ১৮, রংপুর বিভাগে একজন এবং বরিশাল বিভাগে ৩৭ জন ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮১৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশের বিভিন্ন হাসপাতালে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১ হাজার ৬৬৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ৯৩৮ জন; ঢাকার বাইরে এ সংখ্যা ৭২৬।
চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, তাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের।
মার্চ মাসে আক্রান্ত হন ৩১১ জন; এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এপ্রিলে আক্রান্ত হন ৫০৪ জন, তাদের মধ্যে মারা গেছেন দুইজন। মে মাসে আক্রান্ত হন ৬৪৪ জন, এর মধ্যে মারা গেছেন ১২ জন। জুনে আক্রান্ত হয়েছেন ৭৯৮ জন, এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ জনের।
জুলাইয়ে ২ হাজার ৬৬৯ জন আক্রান্ত হয়েছেন আর মৃত্যু হয়েছে ১২ জনের। অগাস্ট মাসে আক্রান্ত হন ৬ হাজার ৫২১ জন, এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ জনের।
সেপ্টেম্বরের ১২ দিনে ১ হাজার ৯৭৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ১৯ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।


