পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আমেরিকার কথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তান জ্বলে অঙ্গার হয়ে গেছে দাবি পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ট্রাম্পের সুদীর্ঘ আক্রমণাত্মক বক্তব্যের জবাব দিতে কিছু রেকর্ড তুলে ধরা প্রয়োজন। ওয়াশিংটনের কথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধে পাকিস্তান জ্বলেপুড়ে ছারখার হয়ে গেছে।
ইমরান খান তার টুইটার বার্তায় বলেছেন, ৯/১১ হামলায় কোনো পাকিস্তানি জড়িত না থাকা সত্ত্বেও ইসলামাবাদ আমেরিকার সন্ত্রাসবিরোধী যুদ্ধে অংশগ্রহণ করে। এই যুদ্ধে ৭৫ হাজার পাকিস্তানি নিহত হয় এবং দেশটির আর্থিক ক্ষতি হয় ১২৩ বিলিয়ন ডলারের। অথচ আমেরিকা কথিত সাহায্য দিয়েছে মাত্র ২০ বিলিয়ন ডলার।পাক প্রধানমন্ত্রী বলেন, আফগানিস্তানে এখনো মোতায়েন হাজার হাজার মার্কিন সেনার রসদ সরবরাহের জন্য এখনো পাকিস্তান তার স্থল ও আকাশসীমা খুলে রেখেছে। তিনি প্রশ্ন করেন, ট্রাম্প কি আমেরিকার অন্য কোনো বন্ধুরাষ্ট্রের নাম বলতে পারবেন যেটি এতবড় আত্মত্যাগ করেছে?
তিনি আরেক টুইটার বার্তায় আফগান যুদ্ধে ওয়াশিংটনের ব্যর্থতায় পাকিস্তানকে বলির পাঠা বানানোর জন্য ট্রাম্পকে অভিযুক্ত করেন।
ইমরান খান বলেন, তাদের ব্যর্থতার জন্য পাকিস্তানকে বলির পাঠা বানানোর আগে আমেরিকার উচিত আফগান যুদ্ধ পুনর্মূল্যায়ন করা। এই যুদ্ধে ন্যাটো জোটের এক লাখ ৪০ হাজার এবং আফগানিস্তানের আড়াই লাখ সৈন্যের পাশাপাশি কথিত এক ট্রিলিয়ন ডলার খরচ করার পরও বর্তমানে তালেবান অতীতের চেয়ে কেন বেশি শক্তিশালী তা ভেবে দেখার সময় এসেছে।
আমেরিকার শত শত কোটি ডলার অর্থসাহায্যের বিপরীতে পাকিস্তান কিছুই করেনি বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন তার তীব্র সমালোচনা করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি সোমবার ধারাবাহিক টুইট বার্তায় ওয়াশিংটনের কথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানের অবদান একে একে এভাবেই তুলে ধরেন।
যুক্তরাষ্ট্রকে গুডবাই, চীনকে ওয়েলকাম পাকিস্তানের : চায়না-পাকিস্তান ইকোনোমিক করিডোরে চীন ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। সন্ত্রাসবিরোধী যুদ্ধ নিয়ে নতুন বছরের শুরুতেই পাকিস্তানের কড়া সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মার্কিন সহায়তা বন্ধেরও ঘোষণা দেন। তিনি বলেন, গত ১৫ বছরে পাকিস্তানকে ৩৩০০ কোটি ডলার সহায়তা দিয়ে মিথ্যা আশ্বাস ছাড়া কিছুই পায়নি যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার একই ইস্যুতে পাকিস্তানের প্রশংসা করেছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান যথাসাধ্য চেষ্টা করছে। বিশ্বে সন্ত্রাসবাদ কমে আসার ক্ষেত্রেও পাকিস্তানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিশ্ববাসীকে এটা স্বীকার করা উচিত। চীন আনন্দিত যে পাকিস্তান আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরোধী কার্যক্রমে পারস্পরিক মর্যাদার ভিত্তিতে অবদান রাখছে।
সূত্র: পার্স টুডে ও রয়টার্স।


