তাবলীগের সাথীর করোনা, লকডাউন সিংগাইর পৌর এলাকা
পাথেয় টোয়েন্টিফোর ডটকম (মানিকগঞ্জ প্রতিনিধি) : হিসাবটা কেমন হলো? এখন প্রশ্ন করে জানার প্রয়োজন নেই। মক্কা ও মদিনা কেন লকডাউন হয়ে পড়ে আছে তা আর কষ্ট করে বুঝার কিছু নেই। মানিকগঞ্জে পৌর এলাকায় আসা তাবলীগ জামায়াতের এক মুসল্লি করোনায় আক্রান্ত হয়ে আসায় এলাকাটি লকডাউন করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
মানিকগঞ্জ জেলার সিংগাইর পৌর এলাকা লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন।
করোনা আক্রান্ত ওই ব্যক্তি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বাসিন্দা। তার বয়স আনুমানিক ৬০ বছর। তিনি সিংগাইর পৌরসভার আজিমপুর নয়াডাঙ্গী এলাকার বাইতুল মামুর ও মারকাযুল মা আরিফ ওয়াদ-দা ওয়াহ মাদরাসায় তাবলীগ জামাতে এসেছিলেন।
সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ মার্চ থেকে ১২ সদস্যের একটি তাবলীগ জামাতের দল ওই মাদরাসায় অবস্থান করছিলেন। এদের মধ্যে ফরিদপুর থেকে আসা ওই ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে তিনি তার এক আত্মীয়ের সঙ্গে ঢাকায় আইইডিসিআরে গিয়ে পরীক্ষা করান। পরে তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেলে তাকে আইইডিসিআরের তত্ত্বাবধানে রাখা হয়েছে। ওই ব্যক্তির সঙ্গে থাকা অন্যান্য ১১ সদস্য ও স্থানীয় ৬ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তিনি আরও জানান, শনিবার রাত ১২টার দিকে আইইডিসিআর থেকে তার করোনায় আক্রান্তের খবর আমাদের জানানো হয়। এরপরই সিংগাইর পৌরসভা এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।


