নিজস্ব প্রতিবেদক : তৃণমূল নির্বাচনে যারা বিজয়ী হচ্ছেন তারাই আগামী জাতীয় নির্বাচনে জয়লাভ করবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি গতকাল শুক্রবার রাজধানীর ধানম-িস্থ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন। বৃহস্পতিবার ২৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে উল্লেখ করে কাদের বলেন, এর মধ্যে আওয়ামী লীগ ২২টি, স্বতন্ত্র ৪টি ও বিএনপি ৩টিতে জয়লাভ করেছে। আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসসহ আগস্ট মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি সফল করার লক্ষ্যে এ যৌথসভার আয়োজন করা হয়। আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতৃবৃন্দও এ সভায় অংশ গ্রহণ করেন।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, আফম বাহাউদ্দিন নাসিম, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, দলের মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওসার, যুবমহিলা লীগের সভাপতি নাজমা আক্তার এবং ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ যৌথ সভায় উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের গণমাধ্যমের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ যখন জয়লাভ করে তখন সংবাদ হয় না, কিন্তু বিএনপি জয়লাভ করলে সংবাদ হয়। আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো, এখন নেই এ কথা উল্লেখ করে কাদের বলেন, তারপরও আমরা জিতলে সংবাদ পরিবেশিত হয় না।
সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের আগস্ট মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে ভাবগাম্ভীর্যের সাথে জাতীয় শোক দিবসসহ কর্মসূচি সফল করার জন্য মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি এ সময় জাতীয় শোক দিবস উপলক্ষে তৈরি ব্যানার, বিলবোর্ড ও পোস্টারের ভাবগাম্ভীর্য রক্ষারও আহ্বান জানান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে কোনো ভূইফোঁড় সংগঠন যাতে কোন ধরনের চাঁদাবাজি না করতে পারে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।


