ওয়ার্ল্ড ডেস্ক : দক্ষিণকোরিয়ার একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ৩৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু। এর মধ্যে অনেকের অবস্থা গুরুতর। শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার পর সেজং হাসপাতালে আগুন লাগে বলে জানিয়েছেবিবিসি।
দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের মিরাং এলাকার ওই হাসপাতালটি রাজধানী সিউল থেকে ২৭০ কিলোমিটার দূরে অবস্থিত। হাসপাতালটিতে বেশিরভাগই বৃদ্ধদের সেবা দেয়া হয়। আগুন লাগার সময় হাসপাতালে ২০০ রোগী ছিলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান চোই ম্যান-য়ু বলেন, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে জানতে পেরেছি, হাসপাতালের জরুরি বিভাগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হওয়া ৪০ জনের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। যাদের উদ্ধার করা হয়েছে, তাদের অন্য হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তেরও নির্দেশ দিয়েছেন।
গত বছর জেচেন শহরের একটি সরকারি শরীরচর্চা কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৯ জন নিহত হয়েছিলেন।


