দুই কোরিয়ার অভ্যন্তরীণ সম্পর্ক এখন চৌরাস্তায় : কিম জং উন

দুই কোরিয়ার অভ্যন্তরীণ সম্পর্ক এখন চৌরাস্তায় : কিম জং উন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন জানিয়েছেন, দুই কোরিয়ার পুনরায় একত্রিত হওয়ার সম্ভাবনা অনেক দূরে সরে গেছে। এর কারণ দক্ষিণ কোরিয়ার শত্রুতামূলক আচরণ ও বেপরোয়া কথাবার্তা। সিউলের এমন আচরণ দুই দেশের এক হওয়ার রাস্তাকে কণ্টকাকীর্ণ করে তুলছে। ২০১৮ সালেও যে সম্ভাবনা ছিল, এখন তাও নেই।

শুক্রবার (০৮ জানুয়ারি) পার্টি কংগ্রেসের ৮ম সভার চতুর্থ দিনে এমন মন্তব্য করেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির(কেসিএনএ) প্রতিবেদনে বলা হয়েছে, দুই কোরিয়ার অভ্যন্তরীণ সম্পর্ক এখন চৌরাস্তায় পৌঁছে গেছে। দুই দেশকেই এখন চলমান সম্পর্ক নিয়ে চিন্তাভাবনা করতে হবে এবং ইতিবাচক মনোভাব নিয়ে একত্র হওয়ার বিষয়টা নিয়ে আলোচনায় বসতে হবে। তা না হলে এ তিক্ত সম্পর্কের ঝাঁজ আরো বাড়তে থাকবে এবং সম্পর্ক শীতল থেকে শীতলতর হবে।

প্রতিবেদনে কিমের বরাত দিয়ে বলা হয়, এটা বলাটা একটুও অতিরঞ্জিত হবে না যে, দুই কোরিয়া এখন আবার ২০১৮ সালের আগেকার অবস্থায় চলে গেছে। আমাদের একত্রীকরণের স্বপ্ন ফিকে হয়ে গেছে।

পিয়ংইয়ং বলেছে, সিউল শত্রুতামূলক আচরণ অব্যাহত রেখেছে। উত্তর কোরিয়ার বিষয়ে উস্কানিমূলক কথা বলছে। এই সমস্যা এক বৈঠকে দূর করা সম্ভব নয় এবং এ নিয়ে সর্বোচ্চ পর্যায়ে কাজ করতে হবে।

কিম বলেন, দক্ষিণ যদি সত্যিই শান্তি এবং একত্রীকরণ চায়, তাহলে নিজেদের ভাগ্যোন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে কাজ করতে হবে।

ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, উত্তর কোরিয়া আশা করছে, দক্ষিণ কোরিয়া সম্পর্কের ক্ষেত্রে আন্তরিকতা প্রদর্শন করবে। এর মধ্যে রয়েছে প্রথমত যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া বন্ধ করা এবং দুই কোরিয়ার মধ্যকার সব চুক্তি মেনে চলা।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *