দুই বছর পর মসজিদুল হারামাইনে ইফতার-ইতিকাফ চালু

দুই বছর পর মসজিদুল হারামাইনে ইফতার-ইতিকাফ চালু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা মহামারি ঠেকাতে আরোপিত বিধিনিষেধের কারণে গত দুই বছর ভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছিল মসজিদুল হারামাইন অর্থাৎ মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববিতে। পরিস্থিতির উন্নতি হওয়ায় এবারের রমজানে আবারো সেই পরিচিত দৃশ্য চোখে পড়বে মসজিদ দুটোতে। খবর আরব নিউজ।

মসজিদুল হারামাইনের প্রেসিডেন্ট শাইখ ড. আবদুর রহমান বিন আবদুল আজীজ আল সুদাইস ঘোষণা করেছেন, দুই পবিত্র মসজিদে ইতিকাফ এবং সম্মিলিতভাবে ইফতারের অনুমতি দেওয়া হলো। তবে ইতিকাফের জন্য সরকারি ওয়েবসাইটের মাধ্যমে অনুমতি নিতে হবে।

ওই ঘোষণায় বলা হয়, ২০২০ সালের এপ্রিল থেকে করোনা মহামারির কারণে ইতিকাফ স্থগিত রাখা হয়েছিল এই দুই মসজিদে। আলহামদুলিল্লাহ, এখন করোনার প্রায় সমস্ত নিয়ন্ত্রণবিধি তুলে নেওয়া হয়েছে। সে কারণে ইতিকাফ ও ইজতেমায়ী ইফতারে আর কোনো অসুবিধা হবে না।

ধারণা করা হচ্ছে, সৌদি আরবসহ আরব দেশগুলোতে ২ এপ্রিল থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। দীর্ঘ দুই বছর রমজানের সময় ইতিকাফ ও ওমরাহ থেকে বঞ্চিত থাকায় এবার সেখানে মুসল্লিদের ঢল নামতে পারে আশা করা হচ্ছে। সেই বিবেচনায় আগেভাগেই ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি সরকার। ইতিকাফের জন্য ওয়েবসাইট ব্যবহার করে আগাম অনুমতির নির্দেশ দেওয়া হয়।

পবিত্র রমজান মাসের শেষ ১০ দিন ধর্মপ্রাণ মুসল্লিরা জাগতিক চিন্তা ছেড়ে মহান আল্লাহর প্রেমে মগ্ন হয়ে ইবাদত ও জিকিরে মশগুল থাকতে চান। প্রতি বছর লাখ লাখ মুসল্লি পবিত্র দুই মসজিদে ইতিকাফ করার বাসনা রাখেন। কিন্তু করোনা মহামারির কারণে মক্কা ও মদিনা শরিফের জমায়েতে নিয়ন্ত্রণ জারি হওয়ায় তারা ইতিকাফ করতে পারেননি।

আশা করা হচ্ছে, এবার নিয়ন্ত্রণ তুলে নেওয়ার ফলে দুই পবিত্র মসজিদে আবারও ব্যাপক মুসল্লির সমাগম হবে, বিশেষ করে রমজানের শেষ ১০ দিনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *