পাথেয় রিপোর্ট : ভারত ও বাংলাদেশের জনসাধারণের মধ্যে সুসম্পর্ক স্থাপন ও দু’দেশের যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ বৈঠকে ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদকে ৯ আগস্ট আমন্ত্রণ জানানো হয়। ভারতীয় হাই কমিশনের আমন্ত্রণে ৯ আগস্ট সকাল সাড়ে ১১টায় আল্লামা মাসঊদ ভারতীয় হাই কমিশনার ও রাষ্ট্রদূত শ্রিংলার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আল্লামা মাসঊদ দু’দেশের জাতীয় কিছু সমস্যাসহ মৌলিক চারটি বিষয় নিয়ে কথা বলেন,
১. ভারত ও বাংলাদেশের জনসাধারণের মধ্যে সম্পর্ক ও যোগাযোগ বৃদ্ধি।
২. বাংলাদেশী কওমী ছাত্রদের দারুল উলুম দেওবন্দে পড়তে যাওয়ার বিষয়ে ভিসাপ্রাপ্তিসহ ভারতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারা।
৩. বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ব্যাপারে ভারত সরকারের ইতিবাচক মনোভাব কামনা।
৪. আসামে মুসলমানদের বর্তমান সঙ্কট নিরসনে ভারত সরকারের মনোযোগ ও সাহায্য কামনা।
উল্লেখিত বিষয়ে আলোচনায় দু’দেশের জনসাধারণের মাঝে সম্পর্ক বৃদ্ধি বিষয়ে দু’দেশের আলেমদের সফরকে ইতিবাচক বলে উল্লেখ করেন জমিয়তের চেয়ারম্যান।
বাংলাদেশী কওমী ছাত্রদের ভারতের ভিসা প্রাপ্তির বিষয়ে আলোচনাকালে হাই কমিশনার মাওলানা মাসঊদকে বলেন, আপনি যখন ভারত সফরে এ বিষয়টি নিয়ে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদের সঙ্গে আলাপ করেন। তখন বাংলাদেশ, মালদ্বীপ ও আফগানিস্তানের ছাত্রদের ভারতের দেওবন্দে আসার বিষয়ে পররাষ্ট মন্ত্রণালয়ে আলোচনা হয়। পরে আফগানিস্তানের ছাত্ররা ভারতে আসার অনুমোদন পেলেও বাংলাদেশ ও মালদ্বীপের বিষয়টি কেন যেন স্থবির হয়ে যায়। মূলত এসব গুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের এগিয়ে আসা উচিত।
তবে ভারতীয় কমিশনার দেওবন্দের বিষয়টিতে মাওলানা মাসঊদকে আশ্বস্ত করে বলেন, ‘ অবশ্যই ছাত্রদের পড়তে আসার বিষয়টি নতুন করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থাপন করবো এবং ভারতের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলবো ‘।
রোহিঙ্গা সমস্যা নিয়ে তিনি বলেন, এ ব্যাপারে ভারত সরকার মায়ানমারে যথেষ্ট কাজ করছে এবং ইতোমধ্যে বেশকিছু আবাসন প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে বলেও জানান শ্রিংলা।
এছাড়াও বর্তমানে আসামে এনআরসি নিয়ে মুসলমানদের যে সঙ্কট চলছে তা নিয়েও দীর্ঘ আলোচনা করেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। এ বিষয়ে ভারতীয় হাই কমিশনার জানান, এ নিয়ে আপনাদের চিন্তার কিছু নেই। সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে বিষয়টি উপলব্ধি করছে এবং আসামের এ সমস্যা নিরসনে সবরকম প্রক্রিয়াই গ্রহণ করেছে। এমনকি ইতোপূর্বে যারা কার্ড পায়নি, তাদেরকে নতুনভাবে কার্ড প্রদানের ব্যবস্থা করছে ভারত সরকার।
বৈঠক শেষে ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে সন্ত্রাস জঙ্গিবাদবিরোধী লক্ষ আলেমের ঐতিহাসিক ফতোয়া সংকলনে আল্লামা মাসঊদকে অভিনন্দন জানান হাই কমিশনার শ্রিংলা। এসময় আল্লামা মাসউদ জমিয়তুল উলামার পক্ষ থেকে ভারতীয় হাই কমিশনারের হাতে ফতোয়ার প্রতীকী কপিও তুলে দেন।
গ্রন্থনা : কাউসার মাহমুদ
সম্পাদনা : মাসউদুল কাদির


