দেমে ফের কমছে তাপমাত্রা

দেমে ফের কমছে তাপমাত্রা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পৌষের শুরুতেই জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। দেশজুড়ে চলছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। গত দুই দিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও তা আবার কমতে শুরু করেছে। এতে আবারো নতুন করে দেশের কিছু এলাকা শৈত্যপ্রবাহের কবলে পড়তে পারে। এছাড়া আগামী শুক্র বা শনিবার থেকে আবারো সারাদেশের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, গত দুই দিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও আজ আবার কমে গেছে। আগামী দুদিনে আরো কমতে পারে। একইসঙ্গে শৈত্যপ্রবাহের এলাকা বাড়তে পারে। আগামী সপ্তাহে আবারো দেশের উত্তরাঞ্চলসহ মধ্যাঞ্চল আর দক্ষিণ পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরুর আশঙ্কা করছি।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দেশের উত্তর ও মধ্যাঞ্চলের প্রায় পাঁচটি জেলায় শৈত্যপ্রবাহ বইছিল। শৈত্যপ্রবাহের বিস্তার কমলেও গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা আগের দিনের চেয়ে কমেছে। এদিন তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন একই স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *