দেশকে তারা ঋণের গভীরে নিয়ে গেছে : ফখরুল

দেশকে তারা ঋণের গভীরে নিয়ে গেছে : ফখরুল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মেগা প্রকল্পের নামে সরকার দেশকে ঋণের গভীরে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমরা পুরোপুরি ঋণগ্রস্ত হয়ে গেছি। আমরা বুঝতে পারছি না, আমরা চাকচিক্য দেখে অনেকে মনে করছি কত কী…।

বৃহস্পতিবার ‘কালজয়ী রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম’ গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জিয়া পরিষদ এই অনুষ্ঠান আয়োজন করে।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের নেতারা হরহামেশা বলে আসছেন, পদ্মা সেতু করে ফেলায় বিএনপি নেতাদের ‘গায়ে জ্বালা’ ধরেছে। আমাদের গায়ে নাকি জ্বালা হচ্ছে! গায়ে জ্বালা তো হচ্ছে। গায়ে জ্বালা হচ্ছে পদ্মা সেতু বলে নয়, আমাদের গায়ে জ্বালা হচ্ছে যে, পদ্মা সেতু থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে ওরা বিদেশে সম্পদ করছে- এখানেই আমাদের গায়ে জ্বালা হচ্ছে। কারণ এটা আমাদের টাকা, আমাদের কষ্টার্জিত টাকা।

দক্ষিণ জনপদের যোগাযোগে আমূল পরিবর্তন আনতে যাওয়া পদ্মা সেতু নির্মাণে তিন থেকে চার গুণ বেশি ব্যয় করা হয়েছে বলে দাবি করেন ফখরুল।

তিনি বলেন, আমাদের সরকার তো এখন গদগদ হয়ে গেছে। সারাক্ষণ এখন শুধু পদ্মা সেতু, পদ্মা সেতু, পদ্মা সেতু নিয়ে বলছে। পদ্মা সেতু তো কারও পৈত্রিক সম্পত্তি দিয়ে তৈরি করা হচ্ছে না। পদ্মা সেতু এদেশের মানুষের পকেটের টাকা দিয়ে তৈরি করা হচ্ছে।

সমস্যাটা কোথায়? যেটা করতে লাগত ১০ হাজার কোটি টাকা; সেটা তৈরি করা হচ্ছে এখন ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকা দিয়ে।

দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এদেরকে (ক্ষমতাসীন) প্রতিরোধ যদি আমরা না পারি, তাহলে আমরা আমাদের রাষ্ট্রের জাতির অস্তিত্ব রক্ষা করতে পারব না।

আয়োজক সংগঠনের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, জিয়া পরিষদকে অনুরোধ জানাব- আপনারা দয়া করে গবেষণার কাজগুলো করার চেষ্টা করেন এবং ইয়াং ব্লাড সংগঠনে নিয়ে আসুন। আমরা যারা পুরনো হয়ে গেছি, আমরা অনেক কিছুই পারি না কিন্তু ইয়াং যারা আছেন তারা অনেক কিছু পারেন, তাদেরকে দায়িত্ব দেবেন এবং দেখবেন তারা অনেক বেশি কাজ করতে পারবেন এবং গতিশীলতা আনতে পারবে।

জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, অধ্যাপক এম সলিমুল্লাহ খান, অধ্যাপক আবদুল লতিফ মাসুম; অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান হাওলাদার, অধ্যাপক আবু জাফর খান, অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক এমতাজ হোসেন ও আবদুল্লাহ হিল মাসুদ।

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ আলী আকন্দ মামুন, অধ্যাপক মইনুল হক, অধ্যাপক আবদুল কুদ্দুস, খান মো. মনোয়ারুল ইসলাম, খন্দকার শফিকুল হাসান রতন, এনামুল ইসলাম এনাম, মোস্তফা কামাল পাশা, রবিউল ইসলাম, জাহেদুল আলম হিটো, রিয়াজ উদ্দিন নসু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *