পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ৬৩৮ জনে।
এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ১৩ হাজার ৮১৭ জন।
এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৯ হাজার ৯১০ জনে।
বুধবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ১১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৪১ হাজার ১৫৭ জন।
২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫১ হাজার ৯০২ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৯ হাজার ৫১৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৭ দশমিক ৯১ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৯ লাখ ৪৮ হাজার ৬৮৩টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৪৮ শতাংশ।
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৯৩ জন। এছাড়া চট্টগ্রামে ৬৮, রাজশাহীতে ১২, খুলনায় ৩৬, বরিশালে ৫, সিলেটে ৫, রংপুরে ১৫ এবং ময়মনসিংহে ৭ জন মারা গেছেন।
বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ভাইরাসটিতে একজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।


